মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সোমবার সন্ধ্যায় নাহিদ কবির কাকলীর প্রথম একক অ্যালবাম 'ভয় হতে তব অভয় মাঝে' প্রকাশিত হল। রবীন্দ্রসঙ্গীতের এই অ্যালবামটি সাজানো হয়েছে ১২টি গান নিয়ে।
নাহিদ কবির কাকলী একজন প্রবাসী বাংলাদেশী। ওয়াহিদুল হকের ছাত্রী তিনি। তাই রবীন্দ্রসঙ্গীতে দখল আছে আগে থেকেই।
কাকলী প্রথম অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - সঙ্গীত বিশেষজ্ঞ ড. করুণাময় গোস্বামী, সঙ্গীতজ্ঞ অনুপ ভট্টাচার্য, রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহিয়ুজ্জামান চৌধুরী ময়না, নীলোৎপল সাধ্য, রিতা মজুমদার, ফারজানা রহমান ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঘোষক বেলাল মোহাম্মদ।
অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন কৃষ্টি হেফাজ।
অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বরেণ্য গিটার বাদক এনামুল কবির।
রবীন্দ্রনাথ ঠাকুরের ১২টি গান নিয়ে সাজানো এই অ্যালবামের গানগুলো হল - ভয় হতে তব অভয় মাঝে, তুমি কেমন আছ, দাঁড়াও আমার আঁখির আগে, আগুনের পরশমণি, তাই তোমার আনন্দ, পথে চলে যেতে, আমরা মিলেছি আজ, পাগলা হাওয়ার বাদল দিনে, বসন্তে কি শুধু, সহসা ডালপালা তোর, ফিরে চল মাটির টানে, সমুখে শান্তি পারাবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/ ২০৩৩ ঘ.
bdnews24