২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে অভিনয় করছেন কিরন বেদী

ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ভারতের বিশিষ্ট সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদী চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

মার্চ ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত ভারতের বিশিষ্ট সাবেক পুলিশ কর্মকর্তা কিরণ বেদী চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। খবর ভারতের একাধিক ওয়েবসাইটের। আপ কি কাছেরি নামের একটি শোতে বিচারকের ভূমিকায় কাজ করছেন তিনি এখন। এই শো'র কাজ শেষ হওয়ার পরই তিনি ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন বেদী। এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, "হ্যাঁ, এটা সত্যি। দক্ষিণ ভারতীয় এক প্রযোজক আমাকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, ছবিতে আমার ভূমিকাতেই আমি অভিনয় করব। এরকম প্রস্তাব যে এবারই প্রথম এলো তা নয়। তবে এবার ছবির চিত্রনাট্যটি নিয়ে আমি সন্তুষ্ট।" কিরণ আরও বলেন, "নীতিগতভাবে ওই ছবিতে আমার চরিত্রে অভিনয়ের ব্যাপারে আমি সম্মত হয়েছি। 'আপ কি কাছেরি'র কাজ শেষ হওয়ার পর আমি ছবির কাজ শুরু করব। দক্ষিণে এবং দক্ষিণ ভারতীয় একজন পরিচালক এর সঙ্গে আমি কাজ করব। এটা দেশপ্রেমের একটা ছবি। ছবিটির বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে।" কিরণ জোর দিয়ে বলেন, "বিশ্বাস করুন, এ ছবি হিন্দি চলচ্চিত্রের একটা নতুন অধ্যায় শুরু করবে।" কিরণ বেদী ভারতের পুলিশ সার্ভিসের উর্ধতন কর্মকতা (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর ডিরেক্টর জেনারেল) হিসেবে ২০০৭ সালে অবসর নেন, স্বেচ্ছায়। ১৯৭২ সালে তিনি ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দেন দেশটির প্রথম মহিলা পুলিশ কর্মকর্তা হিসেবে। তার কারা সংস্কার নীতির কারণে ১৯৯৪ সালে তিনি র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পান। দক্ষ, দৃঢ়চেতা ও ন্যায়নিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি কিংবদন্তীতুল খ্যাতি অর্জন করেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৩২ ঘ