মার্চ ২৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- টেলিভিশনকে ছোট পর্দা বলাটা দিন দিন শক্ত হয়ে যাচ্ছে। যেভাবে বড় বড় তারকারা এখানে ভিড় করছে তাতে টিভির মর্যাদা বেড়ে গেছে কয়েকগুণ। কখনো রিয়্যালিটি শোর উপস্থাপক, কখনো প্রতিযোগিতার বিচারক হিসেবে বলিউড তারকারা ক্রমশ টিভির দিকে ঝুঁকছেন। রিয়্যালিটি শো উপস্থাপনায় অমিতাভ বচ্চন, শাহরুখ খানের পর রাভিনা ট্যান্ডনের নাম শোনা গেছে। এবার যোগ দিচ্ছেন সালমান খান। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সনি এন্টারটেনমেন্টের সঙ্গে এ ব্যাপারে সাল্লুর কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। তিনি ১০৪ পর্বের অনুষ্ঠান উপস্থাপনার জন্য মোট ৮৯ কোটি রুপি নিচ্ছেন বলে সনি জানিয়েছে।
সব কিছু চূড়ান্ত হলেও অনুষ্ঠানের ধরন কেমন হবে সেটা সনি এন্টারটেনমেন্ট এখনই জানাতে চাচ্ছে না। অনুষ্ঠান কেমন হবে তা নিয়ে সালমান ভক্তদের আগ্রহ তুমুল। তবে সনির কাছে বড় দুশ্চিন্তা কারণ হয়ে দেখা দিয়েছে সাল্লুর মন মেজাজ। বদমেজাজি হিসেবে সালমানের যথেষ্ট বদনাম আছে। তার মতিগতি বোঝা বড় দায়। যখন যা মনে আসে তিনি তাই করেন। এখন ১০৪ পর্ব সালমান খান একটানা করতে পারবেন কিনা সেটা সনিকে বিশেষভাবে ভাবাচ্ছে।
সালমান যেন তাদের না ডোবান সে জন্য তার বাবা সেলিম খানের কাছে পরামর্শ নিতে গিয়েছিলেন সনির কয়েকজন। সালমানের বাবা সেলিম খান "আমি সালমানের কোন ব্যাপারে নাক গলাই না" বলে সবার উৎসাহে পানি ঢেলে দিয়েছেন।
রাগ আর খামখেয়ালিপনাটুকু বাদ দিলে তিনি কিন্তু নিপাট ভালো মানুষ - এ কথা বলে নিজেদের এখন প্রবোধ দিচ্ছেন সনির কর্তারা। অনুষ্ঠান শুরু হওয়ার পর বোঝা যাবে বিষয়টা কতটা এগুবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১১১৬ ঘ
bdnews24