মার্চ ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউডের কিংবদন্তীতুল্য অভিনেতা ক্লিন্ট ইস্টউড রুপালী পর্দায় আবারো বিখ্যাতডার্টি হ্যারি চরিত্রে ফিরে আসছেন। খবর বৃটিশ পত্রিকা দি সান এর।
লন্ডনের দি সান পত্রিকার অনলাইন সংস্করণে জানানো হয়, ৭৭ বছর বয়স্ক ইস্টউড ইন্সপেক্টর হ্যারি কালাহান চরিত্রে আবারো অভিনয় করবেন। দৌহিত্র হত্যার প্রতিশোধ নিতে অবসর জীবন ছেড়ে ফের পেশাজীবনে যোগ দেবেন হ্যারি কালাহান।
১৯৭১ সালে প্রথম বারের মতো হ্যারি চরিত্রে অভিনয় করেন ইস্টউড। ১৯৮৮ সালে 'দি ডেড পুল' ছবিতে শেষ বারের মতো তাকে দেখা যায় এই চরিত্রে।
এক সূত্রের বরাত দিয়ে সান পত্রিকা জানায়, "ইস্টউড এটাকে তার শেষ অ্যাকশন ছবি হিসেবে বিবেচনা করছেন। তিনি আবারো হ্যারি চরিত্রে ফিরে আসছেন। এবারের ছবিটি বেশ বাস্তবসম্মত হবে, ছবিতে তাকে দেখা যাবে বৃদ্ধ হিসেবেই।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯১৩ ঘ
bdnews24