২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে দুটি অ্যালবাম

স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে দুটি দেশাত্মবোধক গানের অ্যালবাম। তারকাবহুল এই অ্যালবাম দুটির মধ্যে একটির নাম '১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত' ও অন্যটি 'বিজয়ের প্রাপ্তি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 02:20 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে দুটি দেশাত্মবোধক গানের অ্যালবাম। তারকাবহুল এই অ্যালবাম দুটির মধ্যে একটির নাম '১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত' ও অন্যটি 'বিজয়ের প্রাপ্তি'। দুটি অ্যালবামেরই সবগুলো গান লিখেছেন মেজর (অবঃ) আনিসুর রহমান। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও পল্লব স্যানাল। '১৫ কোটি মানুষের ৩০ কোটি হাত' অ্যালবামটিতে গান গেয়েছেন - শাহনাজ রহমতউল্লাহ, সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, শাম্মী আক্তার, এন্ড্রু কিশোর, ফাহমিদা নবী, কনক চাঁপা, আলম আরা মিনু, মনির খান, আসিফ আকবর ও সোনিয়া। এই অ্যালবামটি ২৪ মার্চ সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হবে। গানচিলের ব্যানারে প্রকাশিত হতে যাওয়া 'বিজয়ের প্রাপ্তি' অ্যালবামে কণ্ঠ দিয়েছেন - সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, আইয়ূব বাচ্চু, বাপ্পা মজুমদার, সাব্বির, কিশোর ও রাফসান মুন্না। এই দুটি অ্যালবামের গীতিকার মেজর (অবঃ) আনিসুর রহমান বলেন, "গান লেখায় আমি নতুন। দেশের গান দিয়েই আমার যাত্রা শুরু। অন্যান্য বিষয়ের নিয়ে গান লিখলেও দেশের গান লিখেই বেশি আনন্দ পাই। মুুক্তিযুদ্ধের সময় আমার বয়স কম থাকায় সরাসরি যুদ্ধে অংশ নিতে পারিনি। এখন গান লিখে সেই যাতনার কিছু অংশ লাঘব করার চেষ্টা করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/২০১১ঘ.