২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিবাহ বিচ্ছেদের ফলে ম্যাকার্টনিকে দিতে হচ্ছে ২৪.৩ মিলিয়ন পাউন্ড

বিবাহ বিচ্ছেদের দীর্ঘ তিক্ত আইনি লড়াইয়ের পর সোমবার বৃটিশ আদালত সদ্য বিচ্ছিন্ন স্ত্রী হিদার মিলসকে ২৪.৩ মিলিয়ন পাউন্ড পরিশোধ করার জন্য সাবেক বিটলস তারকা পল ম্যাকার্টনিকে নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

লন্ডন, মার্চ ১৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- বিবাহ বিচ্ছেদের দীর্ঘ তিক্ত আইনি লড়াইয়ের পর সোমবার বৃটিশ আদালত সদ্য বিচ্ছিন্ন স্ত্রী হিদার মিলসকে ২৪.৩ মিলিয়ন পাউন্ড পরিশোধ করার জন্য সাবেক বিটলস তারকা পল ম্যাকার্টনিকে নির্দেশ দিয়েছে। এই মীমাংসার ফলে হিদার যা দাবি করেছিলেন তার এক পঞ্চমাংশ পেলেন। তবে এর ফলে তিনি তার ৪ বছরের বিবাহিত জীবনের প্রতি দিনের জন্য পপ আইকনের কাছ থেকে নিচ্ছেন ৩৪ হাজার ডলারের সমপরিমান অর্থ। বিচারের রায় ঘোষণার পর মিলস বলেন, "আমি খুবই আনন্দিত যে ব্যাপারটা শেষমেষ মিটে গেল।" তিনি বলেন, "আমরা খুব, খুবই সন্তুষ্ট। আমি এই রায়ে অত্যন্ত খুশি।" রায়ের ব্যাপারে ম্যাকার্টনি কোন মন্তব্য করতে অস্বীকার করেন। পল ম্যাকার্টনির বয়স এখন ৬৫। ২০০২ সালে তিনি ৪০ বছরের মিলসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ব্যাক্তিগত জীবনে গণমাধ্যমের অবাঞ্ছিতপ্রবেশকে দায়ী করে ৪ বছর পর তারা আলাদা হয়ে যান। তাদের ৪ বছরের একটি মেয়ে আছে, নাম বিয়াত্রিচে। শো বিজনেসের অন্যতম তিক্ত ও দীর্ঘ এই লড়াইয়ে মিলসের পাওনা সম্পদের পরিমাণ কতো হবে তা নির্ধারণে ব্যর্থ হয়ে গত মাসে বিষয়টি বিজ্ঞ আদালতের উপর ছেড়ে দেন মিলস ও ম্যাকার্টনি। রায় ঘোষণার সময় বিচারপতি হিউ বেনেট বলেন যে, মিলস চেয়েছিলেন ১২৫ মিলিয়ন পাউন্ড। কিন্তু স্যার পল ম্যাকার্টনি তাকে দিতে চেয়েছেন ১৫.৮ মিলিয়ন পাউন্ড। তবে রায়ে সব মিলিয়ে মিলসকে ২৪.৩ মিলিয়ন পাউন্ড দেয়ার নির্দেশ দেয়া হয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৪৬ ঘ