মার্চ ১৮ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউড অভিনেতা জিম ক্যারি আত্মউন্নয়নমূলক বই লিখছেন। যারা ডিপ্রেশন এর চিকিৎসা হিসেবে ওষুধ গ্রহণ করতে চান না তাদের জন্যই এ বই। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
১৯৯০ এর দশকে উল্কার মতো এসে চলচ্চিত্রে দারুন খ্যাতি অর্জনের পর হঠাৎ করে ডিপ্রেশনে পেয়ে বসে জিমকে। তার সেই হতাশাচ্ছন্ন সময়ে তিনি প্রোজাক সহ নানারকমের ওষুধ সেবন করেন।
৪৬ বছর বয়স্ক অভিনেতা বলেন যে এখন তিনি বোঝেন যে, নিজেকে অনুভূতিশুন্য করে দিয়ে ব্যাথা দূর করা কোন কাজের কথা নয়। কী কারণে হতাশা মানুষকে পেয়ে বসে সে ব্যাপারে তার বই থেকে অনেকে উপকার পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দি মাস্ক এর অভিনেতা বলেন, "প্রোজাক সেবন করে আমি একসময় হতাশা কাটাতে চেয়েছি। তখন মনে হয়েছে এটা বেশ ভালো একটা উপায়। কিন্তু সে ধারণা ভুল ছিল। আমার মনে হয় আজকাল আমরা সবকিছুই ওষুধ দিয়ে ঠিক করে ফেলতে চাই, এটা একটা বড় সমস্যা। সমস্যা সমাধানের অনেক নতুন পথ আছে যেখানে ওষুধের কোন প্রয়োজন নেই। এটা নিয়েই আমি একটি বই লিখছি।" ক্যারি মজা করে বলেন, "একজন কমেডিয়ানের চেয়ে ডিপ্রেশন নিয়ে ভালো আর কে বলতে পারবে?"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৩৩ ঘ
bdnews24