মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- মডেল অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মত নাটকে ত্রয়ী চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিক এই নাটকটির নাম 'অন্তরক্ষী'। রচনা করেছেন পান্থ শাহরিয়ার।
সুমন আনোয়ারের পরিচালনায় এই ধারাবাহিকটিতে একই সঙ্গে তিনটি চরিত্রে অভিনয় করলেও সেগুলো কোন জময চরিত্র নয়, জানালেন জয়া। তিনি যে চরিত্রে অভিনয় করছেন সেটি একধারে একজন শ্রমিকের স্ত্রী, আসহায় নারী ও পতিতা হয়ে সমাজে বাস করেন। আর একটি চরিত্রের মধ্য দিয়ে এই তিনটি বিষয়কে ফুটিয়ে তুলবেন জয়া আহসান।
নাটকে জয়ার বিপরীতে অভিনয় করছেন আহমেদ রুবেল।
এই প্রসঙ্গে জয়া আহসান বলেন, "এর আগে যা অভিনয় করেছি তা সবই ছিল এক কেন্দ্রিক চরিত্র। হয় প্রেমিকা, নয়তো অন্তঃসত্ত্বা মা অথবা মডেল। এই প্রথম একই নাটকে একটি চরিত্রের মধ্যে তিনটি চারিত্রিক বিষয় আমাকে ফুটিয়ে তুলতে হচ্ছে। কাজটি আমার কাছে চ্যালেঞ্জিং। এজন্য ভালোও লাগছে কাজ করতে।"
টেলিহোম এর ব্যানারে নির্মিত নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/এমআইআর/২০৫১ঘ.
bdnews24