মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অ্যাটলাস মুভিজের পরিবেশনায় ও ওয়াকিল আহমেদের পরিচালনায় 'ভালবাসার দুশমন' ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ৪ এপ্রিল। ছয় বছর আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও আর্থিক সমস্যার কারণে ছবিটি এতদিন মুক্তি পায়নি -- জানালেন ছবিটির পরিচালক।
এই ছবিতে বেশ কয়েকজন শিল্পী অভিনয় করেছিলেন যারা এখন আর পৃথিবীতে নেই।
প্রয়াত নায়ক মান্না ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছিলেন প্রয়াত রাজীব, দিলদার ও নাসির খান।
এরা ছাড়াও এই ছবিতে আছেন শাবনূর, শাকিব খান, অমল বোস ও চাষী নজরুল ইসলাম।
এই ছবিতেই শাবনূর ও শাকিব খানের সঙ্গে মান্না প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন।
ছবি প্রসঙ্গে ওয়াকিল আহমেদ বলেন, "এতদিন পরে ছবিটি মুক্তি পাচ্ছে। যদিও ভালো লাগা উচিত। কিন্ত খারাপ লাগছে বেশি। যাদের নিয়ে এই ছবিতে কাজ করেছিলাম, তাদের অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারপরেও কাজের মাধ্যমে এই পৃথিবীতে তারা দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন সেটা ভেবেই সান্তনা পাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/২২৩২ঘ.
bdnews24