মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- যতটা ভাবা হয়েছিল সোনম কাপুর ঠিক ততটা সাফল্য দেখাতে পারেননি। বলা যায় বাবা অনিলের প্রত্যাশা অনেকটা অপূর্ণই রয়ে গেছে। তবে তাই বলে থামছেন না গোবিন্দ বা নর্মদা। অনিলের পদাঙ্ক অনুসরণ করে এবার গোবিন্দ তার মেয়ে নর্মদাকে অভিনয়ে আনছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বহু বছর ধরে গোবিন্দর প্রযোজনা সংস্থা 'গোবিন্দ নম্বর ওয়ান' এ ধুলো জমছে। এখন ঝেড়েমুছে সব সাফ করতে বসেছেন তিনি। কারণ নর্মদার প্রথম ছবি নিজের সংস্থা থেকে বের করতে চান।
এর আগেও তিনি সুখ, রাধা কা সঙ্গম ও হত্যা নামে তিনটি ছবি প্রযোজনা করেছিলেন। তেমন যুতসই ব্যবসা না করতে পেরে প্রযোজনা থেকে সরে আসেন।
১৯ পেরোনো নর্মদার প্রথম ছবি পরিচালনা করবেন তার চাচা কীর্তি কুমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/ওএস/এমআইআর/২২৩২ঘ.
bdnews24