মার্চ ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ক্লোজআপ ওয়ান ২০০৬ এর চূড়ান্ত বিজয়ী সালমা প্রথমবারের মত চলচ্চিত্রে গান গাইলেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত এই ছবির নাম 'আইনি বউ'। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীত করেছেন ইমন সাহা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে সত্যগীত স্টুডিওতে সালমার কণ্ঠে গানটি ধারণ করা হয়। গানের কথাটি হচ্ছে তোমার সঙ্গে প্রেম রঙ্গে মিলিব আমি।
চলচ্চিত্রে প্রথম গান করার অনুভুতি প্রকাশ করতে গিয়ে সালমা বলেন, "আমার খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিলো ছবিতে গান করবো। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলো। সুযোগ পেলে আমি আরও ছবিতে গান করতে চাই।"
'আইনি বউ' ছবিতে প্রধান পাত্র পাত্রি হলেন রিয়াজ ও শাবনূর। ছবিতে সালমার গাওয়া গানটিতে ঠোঁট মেলাবেন শাবনূর।
সালমা'র এ পর্যন্ত একটি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। 'বন্ধু আইয়ো আইয়ো' নামের এই অ্যালবামটি প্রকাশিত হয় ২০০৭ সালের মাঝামাঝিতে। এছাড়া নোলক এর সঙ্গে 'মাটির তারা' নামে একটি দ্বৈত অ্যালবামও প্রকাশিত হয়েছে তার।
সালমা বর্তমানে তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/২৩৩৭ঘ.
bdnews24