মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত একটি ধারাবাহিক নাটকে সত্তরোর্ধ্ব জটাধারী এক বৃদ্ধের চরিত্রে অভিনয় করলেন আহমেদ রুবেল।
১৩ পর্বের এই ধারাবাহিকটির নাম 'সলোক'। রচনা ও পরিচালনা করেছেন কবি ও নাট্যকার রাসেল আশেকী। বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে নাটকটির গল্প এগিয়েছে।
জটাধারী বৃদ্ধের চরিত্রে অভিনয় প্রসঙ্গে আহমেদ রুবেল বলেন, "টিভি নাটকে অনেকদিন ধরেই আমি অনিয়মিত। মনের মত চরিত্র না পাওয়া এবং মানসিক পরিতৃপ্তির অভাবই এর কারণ। রাসেল আশেকীর 'সলোক' ধারাবাহিকটিতে আমি যে বৃদ্ধের চরিত্রে অভিনয় করছি, সেটা খুবই পজিটিভ একটা চরিত্র। এই চরিত্রে অভিনয় করে আমি বেশ তৃপ্ত।"
আহমেদ রুবেল ছাড়াও ১৩ পর্বের এই ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন - জয়ন্ত চট্টপাধ্যায়, টনি ডায়েস, চাঁদনী, মিতু, বাঁধন, সেলিম মেহেদী প্রমুখ।
এই নাটকে অভিনয়ে ছাড়াও আহমেদ রুবেল অভিনীত দুটি মেগা ধারাবাহিক এখন স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে 'সৈয়দ বাড়ির বউ' ও অন্যটি 'রূপনগরের রাজকইন্যা'।
এই অভিনেতার অন্যান্য উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছে - 'স্বপ্ন যাত্রা', 'প্রত্যাবর্তন', 'ভয়', '৫১বর্তী' ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/এমআইআর/২৩৩৪ঘ.
bdnews24