মার্চ ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অনেকদিন ধরে শাবানা আজমিকে নিয়ে কাজ করতে চাচ্ছিলেন অনুভব সিনহা। এবারে সে সুযোগ আসল। সিনহার লেখা ও প্রযোজনার বিদ্রুপাত্মক রাজনৈতিক ছবি জিন্দাবাদ- এ কাজ করতে সম্মতি জানিয়েছেন শাবানা আজমি। ছবিটি পরিচালনা করবেন অনিল চৌধুরি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
প্রহসনের ঢংয়ে সাজানো রাজনৈতিক নানা ঘটনা নিয়ে এগিয়েছে জিন্দাবাদ ছবির কাহিনী। এতে আরও আছেন অনুপম খের ও বর্ষীয়ান অভিনেতা এ কে হেঙ্গাল।
ইন্দনা সেন, যিনি ছবিতে অন্যতম মূখ্য চরিত্রে অভিনয় করছেন, জিন্দাবাদ ছবিটিকে মজার রাজনৈতিক ছবি বলে উল্লেখ করেছেন। এর জমজমাট কাহিনী মানুষকে বিনোদনের পাশাপাশি নতুন করে রাজনীতি নিয়ে ভাবাবে বলে তার বিশ্বাস।
অনেকদিন পর শাবানা আজমি কোন রাজনৈতিক চলচিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বর্তমানে তিনি সরি ভাই ছবির শুটিং উপলক্ষ্যে মরিশাসে অবস্থান করছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২৩২৮ঘ.
bdnews24