মার্চ ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- দক্ষিন আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার ৯০ তম জন্মদিন লন্ডনে পালিত হবে। তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন হলিউডের নামকরা অভিনেতা উইল স্মিথ। খবর জিনিউজডটকমের।
লন্ডনের ট্যাবলয়েড দি সান এর ওয়েবসাইট সংস্করণ জানায়, ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে এইডসের বিপক্ষে সচেতনেতাও তৈরী করা হবে। এই অনুষ্ঠানে গান পরিবেশনা করবে রেজোলাইট, কিয়েন, কুইন, গায়ক এনি লিনোক্স। ইউ টু, স্পাইস গার্লস, স্যার পল ম্যাককার্টনিকেও সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এরা কেউই চূড়ান্ত সম্মতি জানাননি। এর আগে অবশ্য স্পাইস গার্লস তারকারা জানিয়েছিলেন যে, ম্যান্ডেলার জন্মদিনের অনুষ্ঠানে গান গাইতে আগ্রহী তারা।
আয়োজকরা অনুষ্ঠানে বিশ্ব বিখ্যাত বিতর্কিত র্যাপার এমিনেমকে গান গাওয়ানোর চেষ্টা করছেন।
উইল স্মিথ নেলসনের খুব ভক্ত এবং তিনি নেলসনকে তার কাজে সহযোগিতা করতে চান। নেলসন ম্যান্ডেলা সারা বিশ্বে জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তাই তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে আরও অনেক নামকরা শিল্পী অংশগ্রহন করতে আগ্রহী। ধারনা করা হচ্ছে, এটাই নেলসন ম্যান্ডেলার শেষ আন্তর্জাতিক অনুষ্ঠান। তাই এটা নিয়ে সকলের আগ্রহ অনেক বেশী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/২০২৬ ঘ
bdnews24