মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চিত্র নায়ক হেলাল খান ও চিত্র নায়িকা সিমলা প্রথমবারের মত নাটকে জুটি বেঁধেছেন। স্বাধীনতা দিবসের বিশেষ এই নাটকটির নাম 'সুন্দর সকালের জন্য'।
রোকেয়া ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।
সাদেক সিদ্দিকী বলেন, "আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কাজ করতেই বেশি পছন্দ করি। আশা করছি, নাটকটি এই প্রজন্মের দর্শকদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক চিত্র কিছুটা হলেও তুলে ধরতে সাহয্য করবে।"
নাটকটিতে আরও অভিনয় করেছেন - শামস সুমন, সাদেক সিদ্দিকী, সাগর সিদ্দিকী, মীর সেলিম, ফিরোজ আলম প্রমুখ।
২৬ মার্চ একুশে টেলিভিশনে রাত সাড়ে আটটায় নাটকটি প্রচারিত হবে।
সিমলা ও হেলাল খান চলচ্চিত্রের শিল্পী হলেও তারা বেশ কয়েকটি নাটকে আগেও অভিনয় করেছেন।
সিমলার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হল - কেউ একজন, ঘরহারা, ডানা ভাঙ্গা পাখি ইত্যাদি। আর হেলাল খান অভিনয় করেছেন আগন্তুক, রজনী ইত্যাদি নাটকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/এমআইআর/১৯৩৯ ঘ.
bdnews24