২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতা বিষয়ক অনুূষ্ঠান নিয়ে অভিনেতা মুরাদ

অভিনেতা আরমান পারভেজ মুরাদ এর চিন্তাধারায় নির্মিত হতে যাচ্ছে কবিতা বিষয়ক অনুষ্ঠান 'ট্রাভেলিং অন পয়েট্রি'। বাংলাদেশের ৬৪টি জেলা ধরে আলাদাভাবে অনুষ্ঠানটির ৬৪টি পর্ব নির্মিত করা হবে বলে জানান মুরাদ। তিনি এই অনুষ্ঠানটির উপস্থাপনাও করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 05:03 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অভিনেতা আরমান পারভেজ মুরাদ এর চিন্তাধারায় নির্মিত হতে যাচ্ছে কবিতা বিষয়ক অনুষ্ঠান 'ট্রাভেলিং অন পয়েট্রি'। বাংলাদেশের ৬৪টি জেলা ধরে আলাদাভাবে অনুষ্ঠানটির ৬৪টি পর্ব নির্মিত করা হবে বলে জানান মুরাদ। তিনি এই অনুষ্ঠানটির উপস্থাপনাও করবেন। তিনি বলেন, "১৯৮৯ সালে 'কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি পড়ে আমি কবিতার প্রতি আসক্ত হয়ে যাই। এরপর '৯৯ সাল পর্যন্ত আমি কবিতা নিয়ে মেতে থাকি। আমার বাড়ি রাজশাহী। সেখানকার রাজশাহী আবৃত্তি পরিষদ এর সঙ্গে আমি প্রত্যক্ষভাবে এখনও জড়িত। অভিনয় জীবনের আগেই আমি কবিতার সঙ্গে জীবন শুরু করেছি। তো কবিতার প্রতি ভালোলাগা থেকেই এই ডকুমেন্টশন ধর্মী একটি অনুষ্ঠান নির্মাণ করতে যাচ্ছি। শুধু টিভিতেই নয়, অডিওধর্মী অনুষ্ঠান হিসেবে এটি রেডিওতেও প্রচারের ইচ্ছা আছে।" এই অনুষ্ঠান তৈরি সঙ্গে যুক্ত আছেন আরও কয়েকজন। তারা হলেন পরিচালক আকরাম খান, আবৃত্তি শিল্পী রাশেদ চৌধুরী ও সম্পাদনার উপর ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা ভিডিও সম্পাদক সামীর। মুরাদ আরও জানান, অনুষ্ঠানটি নির্মাণের জন্য তারা এপ্রিলের মাঝামাঝি সময়েই বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াতে শুরু করবেন। অনুষ্ঠানটির প্রত্যেকটি পর্বে স্থানীয় জেলাগুলোর কবিদের কবিতা আবৃত্তি করবেন স্থানীয় কবিতা পরিষদের ছাত্র ছাত্রীরা। বিভিন্ন পর্বে আমন্ত্রিত হবেন খ্যাতমান কবিগন। আরমান পারভেজ মুরাদ এনটিভিতে প্রচারিত কুহক ও নাবিলা চরিত নাটক দুটিতে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করে বেশি আলোচিত হন। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলি হচ্ছে 'একান্ন বর্তী', 'স্বরবর্ন থিয়েটার', 'ঢোল'। এছাড়া বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। সেগুলো হল - মোরশেদুল ইসলামের 'খেলাঘর', মোস্তাফা সরয়ার ফারুকীর 'ব্যাচেলর' ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ওএস/এমআইআর/১০৪৬ঘ.