মার্চ ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সুভাষ ঘাই পরিচালিত ছবি 'ব্লাক অ্যান্ড হোয়াইট' শুক্রবার মুক্তি পাবে। সন্ত্রাসবাদ এবং তার প্রতিক্রিয়া নিয়ে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে তৈরি ছবিটি দেখার জন্য দিন গুনছেন অনেকে। কিন্তু এরই মধ্যে এক বিশেষ প্রদর্শনীতে ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি দেখেছেন ছবিটি। খবর জিনিউজডটকমের।
রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানির সঙ্গে ঘাইয়ের বিশেষ সখ্য রয়েছে। সোমবার রাতে তিনি আম্বানির কাফে প্যারাডের বাসা সি উইন্ডে ছবির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। কুমারঙ্গম বিড়লার বাসায়ও ছবির একটি প্রদর্শনী হয়।
এই বিশেষ প্রদর্শনীর আয়োজন দেখে মনে হতেই পারে, এ ছবির ব্যাপারে তাদের মূল্যায়ন ঘাইয়ের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। তবে এ ব্যাপারে প্রাথমিকভাবে কোন মন্তব্য করেননি তাদের কেউ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৩৫ঘ
bdnews24