মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বেশ কয়েক বছর পর প্রকাশিত হতে যাচ্ছে আলোচিত আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ব্ল্যাক এর তৃতীয় অ্যালবাম। ইতিমধ্যেই অ্যালবামের কাজ শেষ। শুধু গান মিশ্রণ বাকি। পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া অ্যালবামটির নাম রাখা হয়েছে 'আবার'।
'আবার' নিয়ে কথা বলার সময় ব্ল্যাক ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও কণ্ঠ শিল্পী জন বলেন, "বেশ কয়েক বছর পর হলেও আমাদের ব্যান্ডের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি। এজন্য খুবই ভালো লাগছে। আসলে সেই দূর্ঘটনার পর আবারও যে আমরা উঠে দাড়াতে পেরেছি, সবাই মিলে গান করতে পারছি - এটাই অনেক বড় পাওয়া আমাদের কাছে।"
২০০৩ সালে এই ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম 'উৎসবের পর' প্রকাশিত হওয়ার পর চট্টগ্রাম থেকে ফেরার পথে ব্ল্যাকের সদস্যরা একটি সড়ক দূর্ঘটনা শিকার হন। এতে নিহত হন বাংলাদেশের অন্যতম শব্দ প্রকৌশলী মবিন। আর ব্যান্ডের সদস্যরা আহত হলেও গুরুতর আহত হন বেস গিটারিস্ট মিরাজ। মিরাজ বেশ কয়েক বছর এ কারণে শয্যাশায়ী ছিলেন।
জন জানান 'আবার' অ্যালবামটিতে ১০টি গান রয়েছে। সুর ও সঙ্গীত করেছে ব্ল্যাক। গানগুলো লিখেছেন জন ও জুবায়ের হোসেন ইমন।
ব্যান্ডের বর্তমান লাইনআপ হচ্ছে ঃ ভোকাল - জন, লিড গিটার - জাহান, বেস গিটার - সাগর ও ড্রামস - টনি।
সুস্থ হয়ে উঠলেও ব্যান্ডের প্রতিষ্ঠাতা বেস গিটারিস্ট মিরাজ আপাতত ব্যান্ডের কার্যক্রমে অংশ নিচ্ছেন না বলে জানান জন। এর পরিবর্তে মিরাজ এর গিটার শিক্ষক সাগরই তুলে নিয়েছেন বেস গিটার বাজানোর দায়িত্ব।
মিরাজ ছাড়াও ব্যান্ডের আরেক প্রতিষ্ঠাতা সদস্য তাহসান বিহীন এই প্রথম ব্ল্যাক এর নতুন অ্যালবামটি প্রকাশিত হতে যাচ্ছে। তাহসান প্রায় তিন বছর আগে ব্যাক্তিগত কারণে ব্যান্ড ত্যাগ করেন।
নতুন সদস্য যোগ ও পুরানো সদস্য না থাকায় ব্যান্ডের এই অ্যালবামের গানগুলি অন্যরকম মাত্রা পেয়েছে বলে জানান ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জন। তিনি বলেন, "আমি বলব না যে এবার ব্যতিক্রমী কিছু করেছি। তবে আমরা যেরকম গান করি সেরকম ঘরানার গানই এই অ্যালবামে প্রকাশ পেয়েছে। তবে সেগুলো সময়ের প্রয়োজনে কিছুটা পরিবর্তিত হয়েছে।
'আবার' অ্যালবামটির প্রযোজনা করছে মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য জুয়েল। পরিবেশনার দায়িত্বে আছে জি সিরিজ।
ব্ল্যাক এর প্রথম অ্যালবাম 'আমার পৃথিবী' প্রকাশিত হয় ২০০২ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/ ২০২৩ ঘ.
bdnews24