মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিবেক শর্মা পরিচালিত 'ভূতনাথ' ছবিটি মুক্তির আগেই এই ছবির সিকুয়েলের পরিকল্পনা করা শুরু হয়ে গেছে। 'ভূতনাথ' ছবিতে গান লিখেছেন জাভেদ আখতার। তার পরামর্শেই পরিচালক এই ছবির সিকুয়েলের পরিকল্পনা করছেন। ইতিমধ্যেই বিবেক শর্মা এর চিত্রনাট্য নিয়ে কাজ করা শুরু করেছেন। পরের ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন।
ইন্ডিয়া এফএম - এ দেয়া এক সাক্ষাৎকারে বিবেক বলেন, "ছবির ক্লাইমেক্সে জাভেদ আখতার এমন কিছু রাখতে বলেছেন যাতে বোঝা যায় ছবিটির পরেও কিছু কাহিনী আছে। ইচ্ছে আছে পরবর্তী ছবিটি আন্তর্জাতিক মানের করা। যাতে থাকবে স্পেশাল ইফেক্টস, গ্রাফিক্স ও অনেক অ্যাকশন দৃশ্য। 'ভূতনাথ টু' ছবিটি হবে দি ম্যাট্রিক্স, লর্ডস অফ দি রিঙ, হ্যারি পটার ঘরানার।
তাহলে কি বর্তমান 'ভূতনাথ' ছবির মধ্যে কোন পরিবর্তন আসবে? এই প্রসঙ্গে পরিচালক জানান, "নাহ্ কোন পরিবর্তন থাকছে না। তবে 'ভূতনাথ' ছবির শেষ দৃশ্যে এমন কিছু থাকবে যা দেখে দর্শকরাই আবিস্কার করবেন ছবিটির দ্বিতীয় পর্ব আসতে পারে।"
ছবির প্রচার সম্পর্কে বিবেক শর্মা জানান, মার্চের ১৫ তারিখ থেকে একটু অন্যরকম ভাবে ছবির প্রচারণা চালানো হবে। ছবিতে অমিতাভ বচ্চনকে নতুন রূপে দেখানো হয়েছে। সেটা দিয়েই প্রচার কার্য চালানো হবে।
ভূতনাথ ছবিতে আরও অভিনয় করেছেন জুহি চাওলা, প্রিয়াংশু চ্যাটার্জী। এছাড়া একটি বিশেষ দৃশ্যে শাহরুখ খানকেও দেখা যাবে।
রবি চোপরা প্রযোজিত এই ছবির মুক্তির তারিখ ধরা হয়েছে ৯ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/২১২৯ঘ.
bdnews24