মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নতুন অভিনেতা হিসেবে ভাগ্যটা ভালোই বলতে হবে ইরফান খানের। খুব শিগগিরই তিনি মীরা নায়ারের 'কোশার ভেজেটেরিয়ান' ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। গুজরাটি ছেলের সঙ্গে এক ইহুদি মেয়ের প্রেম কাহিনী নির্ভর এই ছবিতে গুজরাটি ছেলের ভূমিকায় অভিনয় করছেন ইরফান। আর তার বিপরীতে ইহুদি মেয়ের ভূমিকায় অভিনয় করবেন হলিউডের আকর্ষণীয় নায়িকা নাতালি পোর্টম্যান। ভারতীয় ওয়েবসাইট ইন্ডিয়া এফএম ডটকম জানিয়েছে এ খবর।
গত সপ্তাহে অনুষ্ঠিত ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড এ 'লাইফ ইন এ মেট্রো' ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পান ইরফান। যদিও তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। কারণ সেই সময় ইরফান আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত 'স্পিরিট অ্যাওয়ার্ড' অংশ নিতে সেখানে গিয়েছিলেন।
'স্পিরিট অ্যাওয়ার্ড' - এ তিনি মীরা নায়ারের 'দি নেমসেক' ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে মনোনীত হন। যদিও এই পুরস্কার তিনি ঝোলায় ভরতে পারেন নি। তবে এই অনুষ্ঠানে গিয়ে তিনি ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, ডাস্টিন হফম্যানের মত হলিউড অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাক্ষাত করার সুযোগ পান।
ধারণা করা হচ্ছে 'দি নেমসেক' ছবির অভাবনীয় সাফল্যের পরই মীরা নায়ার আবারও ইরফানকে নিয়ে কাজ করতে আগ্রহী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/২১২৭ঘ.
bdnews24