মার্চ ২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- শনিবার সা রে গা মা লিটল চ্যাম্পস এর এবারের চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ক্ষুদে তারকা আসামের মেয়ে অনামিকা চৌধুরী। গত কয়েক সপ্তাহ ধরেই ভারতের জিটিভিতে হিরো হোন্ডা সা রে গা মা পা লিটল চ্যাম্পস এর এই প্রতিযোগিতা চলছিল। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
৪৪ লাখ ৮০ হাজার ভোট পেয়ে বিজয়ী অনামিকা পুরস্কার হিসেবে ২০ লাখ রুপি ও ১ টি হুন্দাই গাড়ি পেয়েছে।
পাঞ্জাবের রোহানপ্রীত সিং প্রথম রানার আপ, লখনৌর তন্ময় চতুর্বেদী দ্বিতীয় রানার আপ হিসেবে নির্বাচিত হন। অনামিকার বিবেচনায় রোহানপ্রীত ছিল খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী। পুরস্কার হিসেবে রোহানপ্রীত ১৫ লাখ ও তন্ময় ১০ লাখ রুপি পেয়েছে।
প্রতিযোগিতায় রোহান পেয়েছে ৩৮ লাখ ৪৭ হাজার ভোট ও তন্ময় পেয়েছে ৩৪ লাখ ভোট।
আসামের মেয়ে অনামিকা চৌধুরী বাবা দিলীপ ও মা সুব্রতার সঙ্গে আসামে থাকে। তার এক বোন আছে, নাম দীপশিখা।
আসামের এডিথ ডগলাস স্কুলের ছাত্রী অনামিকার প্রিয় গায়ক সুরেশ ওয়াদকার ও লতা মঙ্গেশকার। প্রিয় তারকা হৃত্বিক রোশান ও ঐশ্বরিয়া রাই।
জিটিভিতে ক্ষুদে তারকাদের এই লড়াই বাংলাদেশ থেকেও অনেকে উপভোগ করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/০৯৩৭ ঘ
bdnews24