ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- গায়ক আসিফ আকবরের একুশতম একক অ্যালবামের কাজ চলছে। নির্মিতব্য অ্যালবামের গানগুলির সুর ও সঙ্গীত পরিচালনা করছেন আসিফের সঙ্গে সবচেয়ে বেশি কাজ করা সঙ্গীত পরিচালক রাজেশ ও গীতিকার প্রদীপ সাহা।
এর আগে রাজেশ ও প্রদীপ সাহা ছাড়াও অন্যান্য সুরকার ও গীতিকারদের গান আসিফের একক অ্যালবামে থেকেছে। তবে এইবারই প্রথম একুশতম অ্যালবামে রাজেশ ও প্রদীপ সাহা ছাড়া আর কারও সুর বা লেখা গান থাকছে না।
এই প্রসঙ্গে আসিফ বলেন, "আসলে এই রাজেশের সুর ও প্রদীপের কথায় আমি সবচেয়ে বেশি গান করেছি। তারা আমার গানের ধরণটা বুঝতে পারে। তাই এবার এই দুইজনকে দিয়েই পুরো অ্যালবামটি তৈরি করছি।"
অ্যালবামটির সম্ভাব্য শিরোনাম 'কিছু ভুল কিছু স্মৃতি'।
আসিফ জানান, আগের অ্যালবামগুলোর মত এই অ্যালবামটিও হবে সম্পূর্ণ আধুনিক মৌলিক গানের অ্যালবাম। তবে এবার মেলোডির প্রাধান্য থাকবে।
পহেলা বৈশাখ উপলক্ষে অ্যালবামটি প্রকাশিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২১৫৮ঘ.
bdnews24