ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ভারতের মধ্যপ্রদেশ উচ্চ আদালত আশুতোষ গোয়ারিকারের 'যোধা আকবর' ছবিটি ওই রাজ্যে প্রদর্শনের পক্ষে রায় দিয়েছেন। এর ফলে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক জারিকৃত ছবিটির প্রদর্শনে যে নিষেধাজ্ঞা ছিল তা আর বলবৎ রইল না। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে রাজ্যের আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকায় সরকার মধ্যপ্রদেশে 'যোধা আকবর' ছবিটির প্রদর্শন বন্ধ করে দেন।
উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়ে আশুতোষ গোয়ারিকার বলেন, "আমার এই ছবিতে একজন মোঘল সম্রাট এবং রাজপুত রাজকন্যার ভালবাসার গল্প বলা হয়েছে। ৪৫০ বছর আগের দুটো ভিন্ন ধর্ম এবং সংস্কৃতির এই মেলবন্ধনকে আমাদের শ্রদ্ধা করা উচিত। এখনও এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে বলে মনে করি আমি।"
তিনি 'যোধা আকবর' নিয়ে তৈরি বিতর্ক সম্পর্কে বলেন, "ছবির শুরুতেই দেয়া আছে যে - এর গল্প কাল্পনিক। যদিও চরিত্র
দুটো ঐতিহাসিক কিন্তু ছবিটি ইতিহাসের প্রতিনিধিত্ব করছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএন/ওএস/এমআইআর/২১৫৮ঘ.
bdnews24