লস এঞ্জেলস, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ৮০ তম অস্কার অনুষ্ঠানে সহ অভিনেতার ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতে নিলেন স্পেনিয় তারকা জেভিয়ার বারডেম। রবিবার অনুষ্ঠিত এ আয়োজনে ফরাসী তারকা সেরা অভিনেত্রী হিসেবে এবং ব্রিটিশ তারকা টিল্ডা সুইনটন সেরা সহ অভিনেত্রী হিসেবে অস্কার লাভ করেন।
বারডেম অস্কার পান ' নো কান্ট্রি ফর ওল্ড মেন' ছবিতে এক ভয়ংকর খুনির ভূমিকায় অভিনয় করে।
পারিবারিকভাবে অভিনয়ের পরিবেশে বড় হওয়া বারডেম পুরস্কার পাওয়ার পর স্পেনিয় ভাষায় প্রথমে তার পরিবারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, "মা, এ পুরস্কার তোমার জন্য। এটা তোমার ঠাকুর্দা- ঠাকুরমা এবং তোমার বাবা মা'র জন্য। এটা স্পেনের সেইসব কমেডিয়ানদের জন্য যারা তোমার মতোই আমাদের এই পেশাকে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। এই পুরস্কার আমি উৎসর্গ করলাম স্পেন ও তোমাদের সকলের উদ্দেশ্যে।"
'লা ভি এন রোজ' ছবিতে এডিথ পিয়াফের ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে অস্কার লাভ করলেন ম্যারিয়ন কটিলার্ড। ১৯৬০ সালের পর তিনিই প্রথম ফরাসী অভিনেত্রী যিনি এই ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেলেন।
এ বছরই প্রথম বারের মতো অস্কার মনোনয়ন লাভ করেন ম্যারিয়ন।
'রোজ' ছবিতে পিয়াফের চরিত্রে ৩২ বছর বয়স্ক অভিনেত্রীর অভিনয় দেশে ও দেশের বাইরে বিস্তর প্রশংসা লাভ করে। এক গণিকালয়ে দাদীমার কাছে মানুষ হওয়া পিয়াফ কীভাবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেন এবং পরে নেশা ও মদ্যপানের ফলে অল্প বয়সেই তার জীবনপ্রদীপ নিবে গেল সেটাই 'লা ভি এন রোজ' ছবির উপজীব্য।
মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার পর কটিলার্ড বলেন, "আমি এখন বাকরহিত।" এ সময় বাস্তবিকই তাকে বিস্মিত ও পরম আনন্দিত দেখাচ্ছিল তিনি বলেন, "হে জীবন তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ হে ভালোবাসা। নিশ্চয়ই এ শহরে কিছু দেবদূত আছে।"
ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন 'মাইকেল ক্লেটন' ছবিতে নির্মম এক কর্পোরেট এটর্নির ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য রবিবার সেরা অভিনেত্রীর অস্কার লাভ করলেন।
বিদেশী ভাষার ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার পায় অস্ট্রিয় হলোকাস্ট ড্রামা দি কাউন্টারফেইটারস'। স্তেফান রুজোভিৎস্কি পরিচালিত এটি প্রথম অস্ট্রিয় ছবি যে এই ক্যাটাগরিতে অস্কার পেলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১০২৫ ঘ
bdnews24