ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ডিসেম্বরে ছেলের মা হওয়ার পর আবারও নাটকে ব্যস্ত হয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার। ২১ ফেব্র"য়ারি উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হতে যাওয়া বিশেষ নাটক 'আ মরি বাংলা ভাষা' তে অভিনয় করছেন তিনি। নাটকটি রচনা করেছেন হাসিনা আহমেদ সোমা। পরিচালনা করেছেন সানোয়ার আহমেদ। এতে আরও অভিনয় করছেন লিটু আনাম।
এছাড়া এটিএন বাংলায় দীপার অভিনীত ধারাবাহিক নাটক 'আলোক নগর' প্রচারিত হচ্ছে প্রতি শনি ও রবিবার। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা ও পরিচালনা করেছেন সাইদুল আনাম টুটুল।
বেশ কয়েকটি নাটকের শুটিং নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এরমধ্যে আছে গিয়াসউদ্দিন সেলিমের 'স্বপ্ন চারা', নাম ঠিক না হওয়া মোহন খানের একটি নাটক ও মাসুদ রহমানের টেলিফিল্ম 'অন্য রকম ভালোবাসা'।
দীপা বলেন, "ছেলের দেখাশোনা আর সংসার নিয়ে ব্যস্ত আছি। ফলে এখন একটু বেছে বেছে কম নাটকে কাজ করছি।"
তিনি আরও জানান ছেলের নাম রেখেছেন আদৃক সিফওয়াত আলী বন্ধু। সন্তান, স্বামী শাহেদ আলী, সংসার আর নাটক নিয়ে ভালই দিন পার করছেন দীপা খন্দকার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএএম/ওএস/এমআইআর/২২২৩ঘ.
bdnews24