ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- আমার একটা নদী ছিল জানলো নাতো কেউ খ্যাত গায়ক পথিক নবী নাটকে অভিনয় করছেন। 'আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা ১০০০' নামে ধারবাহিক নাটকে অভিনয় করে প্রথমবারের মত ছোট পর্দায় অভিনেতা হিসেবে হাজির হবেন তিনি।
এই প্রসঙ্গে পথিক বলেন, "এক সময় বহু আড্ডা দিয়েছি আজিজ মার্কেটে। সেই মার্কেট ঘিরে যখন নাটক হচেছ তখন তো আমি অভিনয় করবই। আসল ব্যাপার হচ্ছে, এই আজিজ মার্কেটের জীবন নিয়েই নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। যাদের জীবন এই মার্কেটের জীবনের সঙ্গে জড়িত তারাই অভিনয় করছেন নাটকটিতে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, নাটকটিতে বাস্তবে যে যেরকম সে সেই রকম চরিত্রেই অভিনয় করছি। ফলে মনেই হচ্ছে না এটা অভিনয়। যেমন এই নাটকে আমি পথিক নবী চরিত্রেই অভিনয় করছি। তাই খুব একটা কষ্ট হচ্ছে না। আমি যেভাবে চলি, কথা বলি, গান গাই সেগুলোই ক্যামেরার সামনে করে যাচ্ছি। বেশ মজা লাগছে কাজটা করতে।"
তবে যারা শুটিং দেখতে আসা উৎসাহী দর্শকদের অনেকেই অভিনেতা পথিক নবীকে নকল পথিক নবী বলে মনে করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, "আরে ভাই বলবেন না। যে সময়ের কাহিনী এই নাটকে উপস্থাপন করা হচ্ছে, সেই সময় আমি ছিলাম মোটা একজন লোক। মাথার চুল ছোট ছিল। আর এখন শুকিয়ে গেছি। মাথার চুল রেখেছি বড়। ফলে নাটকের কাহিনীর প্রয়োজনে আমাকে সেই সময়ের সাজসজ্জা নিতে হচ্ছে। নিজেকে মোটা বানাবার জন্য দু'তিনটা কাপড় পড়ছি। মাথার চুল বড়, তা ঢেকে রাখার জন্য সবসময় টুপি পড়ছি, বা কোন না কোনভাবে ঢেকে রাখছি। এসব দেখে যারা ক্যামেরার পেছনে দাড়িয়ে শুটিং দেখেন তারা বলেন, 'দ্যাখ দ্যাখ পথিক নবী সাজছে। এইটা আসল পথিক না।' দ্যাখেন ভাই অবস্থা, আমি নিজেই নিজের নকল হয়ে গেছি।"
নাটক ছাড়াও নিজের একটি একক অ্যালবাম তৈরিতে ব্যস্ত পথিক। তিনি জানান, সঙ্গীতের উপর তার একান্ত কিছু চিন্তা ভাবনা আছে। সেগুলো নিয়ে কাজ করে নিজের মনের মত একটা অ্যালবাম শ্রোতাদের উপহার দেওয়াই তার ইচ্ছা।
তিনি আরও জানান, অ্যালবামটির কাজ কিছু দূর এগিয়েছে। ২০০৭ সালের মধ্যেই অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছে তার।
পথিক নবী সঙ্গীত জীবন শুরু হয় ছোটবেলাতেই। তবে নেই কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা। জনপ্রিয়তা আসে প্রথম অ্যালবাম 'অচেনা পথিক' প্রকাশের পর। এই অ্যালবামের নদীর আমার একটা নদী ছিল জানল নাতো কেউ গানটি দিয়েই তিনি শ্রোতাদের নজর কাড়েন।
এরপর এই শিল্পী বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে গান করেন। এছাড়া 'ব্যাচেলর' ছবিতে মানুষ আমি আমার কেন পাখির মত মন গানটি গেয়েও বেশ জনপ্রিয়তা পান। চলচ্চিত্রে জন্য সেটাই ছিল প্রথম গান গাওয়া। তবে তার বিভিন্ন অ্যালবামের বিভিন্ন গান ব্যবহার করা হয়েছে বিভিন্ন চলচ্চিত্রে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২২৫৫ঘ.
bdnews24