ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভালোবাসার মানুষ কারা ছিলেন সে কথা জানাতে রাজী নন ডিম্পল কাপাডিয়া। তবে তার পছন্দের প্রেমের গানের কথা বলেছেন তিনি ভারতীয় এক ওয়েবসাইটকে। তার পছন্দের তালিকার প্রথম দিকেই রয়েছে ডিন মার্টিন, ডালিয়া লেভ, নানা মৌসকুরি, প্যাট বুন, নেইল ডায়মন্ড সহ আরও অনেকে।
প্যাট বুনের কুয়ান্দো, নানার হোয়াইট রোজেস অফ এথেন্স, ডিন মার্টিনের উইথ হিজ লিটল ম্যান্ডোলিন, ডালিয়ার মাই ওয়ার্ল্ড ক্যান বি ইওরস, ডায়মন্ডের দি সিঙ্গার সিংস হিজ সং ইত্যাদি গানগুলো এখনো আগের মতোই আলোড়িত করে একসময়ের এই বলিউড হার্টথ্রবকে।
পল রবসনের ড্যান্স ফর দি চেরিগোল্ড যে কতবার শুনেছেন তার ইয়ত্তা নেই।
ডিম্পল বলেন, "এসব গান যখনই শুনি আমার হৃদয়বীণা তখনই বেজে ওঠে, আচ্ছন্ন হয় ভালোবাসার প্রবল অনুভূতিতে। শুধু রোমান্স বা ভালোবাসার কিছু শব্দ বা সুর যে শুনি তা নয়, এসব গান আমার মনে গভীর ও প্রশান্ত এক ভালো লাগার বোধ তৈরি করে। যে কেউ এসব গানের ভিতরে ঢুকলে সে বুঝতে পারবে, এগুলো নিছক প্রেমের গান নয়। গানগুলি গভীর অনুভূতি আর মানবতার কথা বলে।"
ভ্যালেন্টাইন'স ডে প্রসঙ্গে ডিম্পল বলেন, "আমার কাছে ভ্যালেন্টাইন'স ডে কেবল প্রেমিক প্রেমিকার ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ বলে মনে হয় না। দিবসটি বিশ্ব প্রেমেরও কথা বলে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/০২১৩ঘ.
bdnews24