ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- 'ওম শান্তি ওম' ছবি নিয়ে বার্লিন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে জার্মানিতে আশাতীত সম্বর্ধনা পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার জনপ্রিয়তা দেখে জার্মানির সংবাদ মাধ্যমে এমন মন্তব্যও করা হয়েছে যে, "তিনি পোপের মতোই জনপ্রিয়।" খবর ভারতীয় ওয়েবসাইটের।
শুক্রবার রাতে তার ছবির প্রিমিয়ার উপলক্ষে শাহরুখ উৎসব প্রাঙ্গণে হাজির হওয়া মাত্র উপস্থিত অসংখ্য ভক্ত তুমুল হর্ষধ্বনি দিতে থাকে। হাত নেড়ে, হাত তালি দিয়ে তাকে সম্বর্ধনা জানায়। উত্তেজনায় এ সময় অনেকে নাচতে শুরু করে। তখন একাধিক জার্মান টেলিভিশনের ক্যামেরা হলিউড তারকাদের বাদ দিয়ে ঘুরে যায় শাহরুখ খানের দিকে।
কিছু কিছু চ্যানেল তখন শাহরুখ খান সম্পর্কে বর্ণনা করতে থাকে। তার স্ত্রী গৌরি ও দুই ছেলের কথাও উল্লেখ করে তারা।
শাহরুখ মঞ্চে উঠলে দর্শকরা বেশ কয়েক মিনিট দাড়িয়ে হাততালি দিয়ে তাকে সম্মান জানায়। এসময় তারা 'শাহরুখ' 'শাহরুখ' বলে চীৎকার করতে থাকে।
এই সম্বর্ধনা পেয়ে যে তিনি অভিভূত সে কথা তৎক্ষণাৎ কবুল করেন খান। তার এবং ভারতীয় চলচ্চিত্রের প্রতি আগ্রহ দেখানোর জন্য তিনি ইউরোপের দর্শকদের ধন্যবাদ জানান।
জার্মান দৈনিক ফ্রাঙ্কফার্টার আলেমেইন জাইটুং জানায় যে, ইউরোপের অনেক দেশ থেকে লোকজন বার্লিন চলচ্চিত্র উৎসবে এসেছে শুধু তাদের প্রিয় তারকাকে এক নজর দেখার জন্য।
বার্লিন ট্যাবলয়েড ডি টাগেসজেইটুং এর একহার্ড নোয়েরার লিখেছেন, "উনি পোপের মতোই জনপ্রিয়, তবে খানের সেক্স অ্যাপিল পোপের চেয়ে অনেক বেশি।"
জার্মানিতে বলিউডের অনেক ছবির পরিবেশক ইরোস এন্টারটেইনমেন্ট এর এক মুখপাত্র জানান, জার্মানিতে 'ওম শান্তি ওম' এর ৫০টি প্রিন্ট পরিবেশন করা হবে।
তিনি বলেন, "আশা করি এই ছবির মাধ্যমে ইউরোপের বাজারে আমরা জায়গা করে নিতে পারব।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১১৭ ঘ
bdnews24