ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- এসএমএস এর মাধ্যমে ভোটাভুটি করে মোহাম্মদ রফি কিংবা কিশোর কুমারের মতো শিল্পী খুঁজে পাওয়া যাবে না। সঙ্গীত প্রতিভা অন্বেষণ করতে চাইলে গানের বিচারকদের উপরই বিচারের ভার দিতে হবে। বুধবার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেছেন ভারতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপ জালোটা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অনুপ বলেন, "সঙ্গীতে দখল আছে এমন লোকরা বিচারকের আসনে বসলেও এসব অনুষ্ঠানে প্রতিযোগিতের চূড়ান্ত ভাগ্য নির্ধারিত হয় এসএমএস ভোটের মাধ্যমে। এ কারণেই অনেক কম প্রতিভাবান গায়ক সেরা হিসেবে পুরস্কৃত হন। মাস ছয়েক পরে কে কোন রিয়ালিটি শোতে সেরা হলো তা আর শ্রোতাদের মনেও থাকে না।"
শিল্পী বলেন, "প্রতিভাতে শান দেওয়া দরকার। তবে রফি, কিশোর কুমার ও লতা মঙ্গেশকারদের মতো শিল্পী ইশ্বরের দান। তাদের কোন তুলনা চলে না।"
প্রতিভা অন্বেষণের জন্য রিয়ালিটি শোগুলোতে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তার সঙ্গে তিনি একমত নন বলেই এখনো পর্যন্ত এ ধরনের কোন অনুষ্ঠানে বিচারকের আসনে বসতে সম্মত হননি বলে জানান জালোটা।
তিনি বলেন, "গজল প্রতিভা জগজিৎ সিং ও পঙ্কজ উধাসও আমার সঙ্গে একমত। আমি তখনই এ ধরনের কোন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবো যেখানে বিচারকদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত মাপকাঠি।"
রিমিক্সের বিরোধী এই শিল্পী কাঁটা লাগা গানের রিমিক্সের প্রসঙ্গে বলেন, "এ ক্ষেত্রে কিন্তু লোকে গানের চেয়ে নর্তকীর কথাটাই মনে রেখেছে বেশি।"
রিমিক্সকে অপরাধমূলক তৎপরতা বলে উল্লেখ করে তিনি বলেন, "আমি সবসময়ই শ্রোতাদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলি। আসল খাবার আর ভেজাল খাবারের মতোই এখানেও পার্থক্য রয়েছে।"
গজল ছাড়ও চলচ্চিত্রে গান গাইলেও অনুপ শান্তি পান ভজন গেয়ে। "এটা আমার কাছে ইশ্বর উপাসনার মতো।" বলেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১০৩ ঘ
bdnews24