জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফেরডটকম) -- অপি করিম, তানিয়া আহমেদ, বালাম এর পর এবার রেডিও ফুর্তির অতিথি আরজে বা রেডিও জকি হিসেবে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী তাজিন আহমেদ। ২ ফেব্র"য়ারি শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আরজে হিসেবে তাজিনের কণ্ঠ শোনা যাবে রেডিও ফুর্তিতে।
তাজিন আহমেদ বর্তমানে ক্যামেরার সামনে ও পিছনে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তাজিনের লেখা ও পরিচালনায় তৈরি হয়েছে দুটি নাটক 'যাতক' ও 'যোগফল'। তবে এই নাটক দুটির কাজ শেষ হওয়ার পরপরই তিনি ঘোষণা দেন আপাতত আর নাটক পরিচালনা করবেন না।
এ প্রসঙ্গে তাজিন বলেন, "নাটক পরিচালনা শুরু করার পর দেখা গেল অনেকেই আমাকে নাটকে অভিনয়ের জন্য ডাকছেন না। অনেকেই মনে করতে শুরু করলেন, আমি নিজে পরিচালক হয়েছি, তাই হয়তো অন্যের পরিচালিত নাটকে কাজ করব না। ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি আগে অভিনেত্রী তারপর নাট্যকার বা পরিচালক। অভিনয়টা চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই আপাতত নাটক পরিচালনা থেকে দূরে থাকছি। এখন আমি অভিনয়েই বেশি মনোযোগ দিতে চাই। পাশাপাশি চালিয়ে যাব নাটক লেখার কাজ।"
তাজিন আহমেদের লেখা উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, হুম, সম্পর্ক - ইত্যাদি।
বর্তমানে তিনি বেশ কয়েকটি ধারাবাহিক ও এক খন্ডের নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে আছে ড. মোহিত কামালের 'মন' উপন্যাস অবলম্বনে নাটক 'মন'। পরিচালনা করছেন সারোয়ার বাপি, টুকু মজমিউ ও হাসিনা আহমেদ সোমা।
এছাড়ও দ্বীপঙ্কর দীপনের রচনা ও পরিচালনায় এক খন্ডের নাটক 'জলসত্ত্বা' ও অরুণ চৌধুরীর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'নন্দন কানন' নাটকের কাজ শেষ করেছেন সম্প্রতি।
বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৫০ঘ.
bdnews24