জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রায় ৪ বছর পর ভারতের বিশিষ্ট চলচ্চিত্রকার গোবিন্দ নিহালনি আবার শুরু করেছেন ছবি তৈরির কাজ। তবে এবার অর্ধসত্য বা দ্রোহকাল এর মতো কোন ছবি নয়, কমলু নামের নামের এক উটের বাচ্চাকে কেন্দ্র করে তিনি তৈরি করবেন এনিমেশন চলচ্চিত্র।
নিহালনি জানান, "আমি এর আগেও অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে চেয়েছি। কিন্তু বাজেট আর প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে কাজ শুরু করতে পারিনি। এখন ভারতে প্রযুক্তিগত অনেক সুবিধা এসেছে। ফলে অ্যানিমেশন চলচ্চিত্রের কাজে এখন ঝাঁপিয়ে পরা যায়।"
নিহালনির ছবির কাহিনীতে দেখা যাবে কমল নামের এক উঠের বাচ্চাকে যে মরুভূমিতে পথ হারিয়ে ফেলে। ঘুরতে ঘুরতে অনেক নতুন বন্ধুর সঙ্গে দেখা হয় তার।
চেন্নাইয়ের এক স্টুডিওতে এই অ্যানিমেশনের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নিহালনি। পরিচালক জানান, কাজ করতে করতে তিনি নতুন অনেক কিছু শিখছেন।
গোবিন্দ বলেন, " আমি এর আগে যা করেছি তার থেকে এটা অনেক ভিন্ন ধরনের কাজ। তবে নতুন একটি শিল্প-কৌশল সম্পর্কে জানা, নতুন একটি মাধ্যমকে আবিস্কার করার উত্তেজনাটা দারুন।"
এই কাজের পাশাপাশি নিহালনি দুটো ছবির চিত্রনাট্য তৈরির কাজও করছেন। ওই ছবি দুটির কাজ শুরু হবে আগামী বছর।
নিহালনি বলেন, "২০০৪ সালে আমার দেব ছবিটি মুক্তি পাওয়ার পর আমি একটু বিরতি নিই। এবং আমার অ্যানিমেশন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করি। আমি জানতাম এ কাজে অনেক সময় লাগবে।" এ ছবির জন্য কিছু তারকার কথা ভেবেছেন তিনি, কিন্তু চূড়ান্ত হয়নি।
পরিচালক মন্তব্য করেন যে, গত তিন বছরে অনেক কিছু বদলে গেছে। "তারকাদের সম্মানী অনেক বেড়ে গেছে। কর্পোরেট স্টাইল চালু হয়ে গেছে এই শিল্পে। ফলে কোন তারকাকে আমার ছবির জন্য প্রস্তাব দেওয়ার আগে আমাকে একটু হোমওয়ার্ক করে নিতে হচ্ছে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২২৭ ঘ
bdnews24