২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মণীষা কৈরালার ভাইয়ের বিয়েতে রাজা জ্ঞানেন্দ্র

দীর্ঘ দিন পর আবার জনসমক্ষে এলেন নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। কাঠমান্ডুতে বলিউড অভিনেত্রী মণীষা কৈরালার ভাই অভিনেতা সিদ্ধার্থ কৈরালার বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 06:37 AM

Updated : 26 Aug 2022, 01:18 PM

জানুয়ারি ৩১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- দীর্ঘ দিন পর আবার জনসমক্ষে এলেন নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। কাঠমান্ডুতে বলিউড অভিনেত্রী মণীষা কৈরালার ভাই অভিনেতা সিদ্ধার্থ কৈরালার বিয়ের অনুষ্ঠানে হাজির হন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। ২০০৫ সালে রাজা জ্ঞানেন্দ্র নির্বাচিত সংসদকে বিলুপ্ত ঘোষণা করে সরকারের উপর পুরো নিয়ন্ত্রণ নিলেও বিরোধিতার মুখে ২০০৬ সালের এপ্রিলে সংসদকে আবার ক্ষমতা ফিরিয়ে দিতে বাধ্য হন। সংসদ রাজার ক্ষমতা সংকুচিত করে ও তাকে আনুষ্ঠানিক রাজায় পরিণত করে। ফলে ২৩৮ বছরের পুরোনো এই রাজতন্ত্রের শেষ রাজা জ্ঞানেন্দ্র । ২০০৭ সালের ডিসেম্বরে নেপালের অন্তর্বতীকালীন সংসদে ঘোষণা দেওয়া হয় যে ২০০৮ সালে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটানো হবে এবং গণপ্রজাতন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করবে নেপাল। সোমবার সিদ্ধার্থের বিয়ে উপলক্ষে রাণী কমলকে নিয়ে নেপালের শাহ সাম্রাজ্যের শেষ প্রতিভূ জ্ঞানেন্দ্র গিয়েছিলেন সোল্টি ক্রাউন প্লাজা হোটেলে। এখানেই সাধারণত নেপালের অভিজাত পরিবারগুলোর বিয়ের অনুষ্ঠান হয়। সিদ্ধার্থ 'আনওয়ার' সহ বলিউডের কিছু ছবিতে অভিনয় করলেও বোন মণীষার মতো নজর কাড়তে পারেননি। সিদ্ধার্থের স্ত্রী ইউলিয়া ওয়েকিতোভা কাজাখস্তানের মেয়ে। নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বি পি কৈরালার নাতী এবং বর্তমান প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার নিকটাত্মীয় হলেও নেপালের রাজনীতিতে সিদ্ধার্থ কোন ভূমিকা রাখেননি। তবে রাজনীতিতে যে তার আগ্রহ আছে সে কথা ষ্পষ্ট করেই জানিয়েছেন মণীষা। কিছু দিন আগে সামরিক বাহিনীর সহায়তায় জ্ঞানেন্দ্রর ক্ষমতা আঁকড়ে থাকাকে সমর্থন করে তিনি নিজ দেশে অনেক সমালোচনার শিকার হন। নেপালে বাস না করলেও ২০০৬ সালের কাঠমান্ডুর মিউনিসিপ্যাল নির্বাচনের সময় মণীষা প্রচারণা অভিযানে অংশ নিতে নেপাল যান। মাওবাদীরা এর প্রতিক্রিয়ায় নেপালের প্রেক্ষাগৃহে তার ছবির প্রচার নিষিদ্ধ ঘোষণা করে। মণীষার বাবা প্রকাশ কৈরালাকে জ্ঞানেন্দ্র মন্ত্রী নিয়োগ করেছিলেন। পরে নেপালি কংগ্রেস পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়। নেপালি কংগ্রেস পার্টি রাজতন্ত্রের বিরোধিতা করে আসছে অনেক দিন ধরে। মণীষার তারকাখ্যাতি ম্লান হয়ে যাওয়ার পেছনে নেপালের রাজ পরিবারের পতনকে অনেকে দায়ী মনে করেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২২৫ ঘ