জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- দুটি সাই-ফাই বা কল্পবিজ্ঞানধর্মী ছবির কাজে হাত দিতে যাচ্ছেন ভারতের খ্যাতিমান পরিচালক শেখর কাপুর। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এর একটি ছবির নাম পানি। কাপুর তার প্রিয় শহর মুম্বাইয়ের ভবিষ্যতের ছবি তুলে ধরবেন ছবিটিতে। ইউটিভির সঙ্গে যৌথভাবে তিনি এই ছবি তৈরি করবেন বলে ধারণা করা হচ্ছে।
শেখর প্রযোজিত ছবিগুলির মধ্যে এটিই সম্ভবত সবচেয়ে ব্যয়বহুল হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, "এ ছবিতে পুরো শহরের দুটো আলাদা স্তর তুলে ধরতে হবে। এর একটাতে থাকে চরম ধনাঢ্যরা, অন্য স্তরে থাকে সুবিধাবঞ্চিতরা।"
ছবির পাত্রপাত্রীর নির্বাচনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। ছবিটি শেখর নিজেই পরিচালনা করবেন।
তার অন্য সাইফাই ছবির নাম 'টাইম মেশিন'। এটি পরিচালনা করবেন রাকেশ মেহরা। ধারণা করা হচ্ছে এ ছবিতে নায়কের ভূমিকায় থাকবেন নবাগত রণবীর কাপুর। তবে এর আগে নায়ক চরিত্রে আমীর খানের নামও শোনা গিয়েছিল।
এ প্রসঙ্গে কাপুর বলেন, "কিছুই এখনো চূড়ান্ত করা হয়নি। সবকিছু ঠিক হলে আমরা সংবাদ মাধ্যমকে তা জানাব।"
ছবিতে আরও অভিনয় করবেন নাসিরুদ্দীন শাহ, রেখা ও রাভিনা ট্যান্ডন।
এই ছবিটি ১৯৯০ এর দশকে করার কথা ভেবেছিলেন শেখর কাপুর। কিন্তু তার অন্যান্য কাজে ব্যস্ততার কারণে এতোদিন এ ছবির কাজে হাত দিতে পারেননি।
এর আগে রামগোপাল ভার্মাও একই নামে একটি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন যেখানে নায়ক হিসেবে শাহরুখ খানের কথা ভেবেছিলেন তিনি। কিন্তু নানা কারণে সে ছবিটিও আর আলোর মুখ দেখেনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২৩২ ঘ
bdnews24