জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- গান থেকে এবার নাটক প্রযোজনায় আসছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান 'গানচিল'। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রচারিতব্য একটি একখন্ডের নাটক দিয়ে তাদের এই নতুন পথচলা শুরু হতে যাচ্ছে।
মাসুম রেজার রচনায়, অসীম সেন গুপ্তের পরিচালনায় এই নাটকটির নাম 'এখানেই থেকো সখা'।
শিগগিরই নাটকটির শুটিং শুরু হবে।
দেশাত্মবোধকে একটি গান ইতিমধ্যেই নির্মিতব্য নাটকটির জন্য ধারণ করা হয়েছে। আসিফ ইকবালের কথায় গানটিতে সুর ও সঙ্গীত করেছেন কুমার বিশ্বজিৎ। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাশ।
গান থেকে নাটক প্রযোজনায় আসা সম্পর্কে জানতে চাইলে গানচিলের অন্যতম পরিচালক কুমার বিশ্বজিৎ বলেন, "গান প্রযোজনা করতে গিয়ে, গানের মিউজিক ভিডিও আমাদেরকেই বানাতে হয়। সেই কারণে ভিডিও মাধ্যমেও আমরা অনেকদিন ধরেই কাজ করছি। তাছাড়া ইতিমধ্যে 'গানচিল' এর একটি শক্তিশালী সৃজনশীল দল গড়ে উঠেছে। সেখান থেকেই নাটক বানানোর তাগিদ আসে।"
সব কিছু ঠিক থাকলে গানচিল একসময় চলচ্চিত্রও প্রযোজনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মুক্তিযুদ্ধের সময়ে ঘটে যাওয়া একটি কাহিনীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নাটকটিতে অভিনয় করবেন আবুল হায়াৎ, তারিন সহ আরও অনেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২১৪৫ঘ.
bdnews24