জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- জেমস বন্ডের নতুন ছবি 'কোয়ান্টাম অফ সলিস' এ অভিনয়ের জন্য নির্বাচিত দুই নায়িকা গিমা আর্টারটন ও ওলগা কুরাইলেঙ্কো কখনোই ভাবেননি তারা 'জেমস বন্ড' এর ছবিতে অভিনয় করতে পারবেন। সে হিসেবে তাদের কল্পনার বাইরের স্বপ্নই যেন বাস্তবে রূপ নিল।
গিমা আর্টেরটন এই ছবিতে সুযোগ পাওয়ার আগে 'কভেন্ট গার্ডেন বিউটি শপ' এ কাজ করতেন।
'মিরর' পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে গিমা বলেন, "এক বছর আগে আমরা দোকানে 'বন্ড থিম নাইট' এর আয়োজন করেছিলাম। সেখানে আমি বন্ড নায়িকাদের মতো করেই পোশাক পড়েছিলাম। আর এখন আমি একজন সত্যিকারের বন্ড নায়িকা।"
২৮ বছর বয়স্ক ওলগা জানান, তিনি কখনো জেমস বন্ডের ছবি দেখেননি। এমনকি কল্পনাও করেননি তিনি বন্ড ছবিতে অভিনয় করবেন।
ওলগা বলেন, "ছোট বেলায় কখনও ভাবিনি এই পর্যায়ে আসতে পারব। মাঝে মাঝে আমি ভাবি, এটা কি সত্যিই আমার জীবন।"
ইউক্রেনের একটি অজ পাড়াগাঁয়ে মায়ের তত্ত্বাবধানে বেড়ে ওঠা ওলগা এখন খুব খুশি। কারণ তার ছেলেবেলাটি কেটেছে অনেক কষ্টের মাঝে। এখন তিনি মায়ের সেবা করতে পরছেন। এতেই তিনি আনন্দিত।
ওলগা বলেন, "আমার মা বেশি অর্থ উপার্জন করতে পরতেন না। কোন রকমে আমরা খেয়েপড়ে বেঁচে থাকতাম।"
তিনি আরও বলেন, "গান শেখার জন্য মা আমাকে গানের স্কুলে ভর্তি করান। তার অল্প উপার্জন থেকে টাকা বাঁচিয়ে তিনি স্কুলের খরচ দিতেন। মা আমার জন্য অনেক কিছু করেছে। মা ছাড়া আজকের আমি হতে পারতাম না। এখন মাকে আমি দেখাশোনা করতে পারি। তার জন্য উপহার কিনে দিতে পারি। এতেই আমার আনন্দ।"
জেমস বন্ডের নতুন ছবি 'কোয়ান্টাম অফ সলিস' মুক্তি পাবে এইবছর ৭ নভেম্বর।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ঘ.
bdnews24