২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে অভিনয় করছেন অভিজিৎ সাওয়ান্ত

ভারতের প্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্ত গায়কের পর নায়ক রূপে আবির্ভূত হতে চলেছেন। তিনি এখন 'লটারি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতের প্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্ত গায়কের পর নায়ক রূপে আবির্ভূত হতে চলেছেন। তিনি এখন 'লটারি' ছবির শুটিং নিয়ে ব্যস্ত। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। রোমান্টিক-থ্রিলার 'লটারি' ছবিতে তিনি একজন হিসাব রক্ষকের চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন জনপ্রিয় টিভি সিরিয়াল 'ভাবী'র মনীষা কেলকার। শুটিংয়ের প্রথম দিনের অনুভুতি কেমন ছিল? জানতে চাইলে অভিজিতের উত্তর, "বেশ অস্বস্তি বোধ করছিলাম। প্রথম অভিনয় বলে কথা। সবার সাহস আর উৎসাহে অবশেষে স্বাভাবিক হতে পেরেছি। ভাগ্যিস কোন সুপার হিরোর চরিত্রে অভিনয় করছি না। নয়তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাফিয়ে লাফিয়ে স্টান্ট দৃশ্য করতে হত। ঠিক আপনার আমার মত স্বাভাবিক একজনের চরিত্র বলেই রক্ষা।" অভিজিৎ আরও বলেন, "তিন বছর ধরে অভিনয়ের প্রস্তাব আসছে। রাজি হইনি। এবার পরিচালক হেমন্ত রঘুর প্রস্তাব ফেরাতে পারিনি। কারণ আমার সঙ্গে চরিত্রটির অনেক মিল।" অভিজিতের কথায়, "কিশোরদা আর সোনু নিগাম আমার আদর্শ। তারাও প্লেব্যাক থেকে অভিনয়ে এসেছেন। কাজ করে মজা লাগছে।" তাকে নিয়ে ভক্তরা অনেক আশাবাদী। সেটা মাথায় রেখে তিনি যথাসাধ্য ভাল অভিনয় করার চেষ্টা করছেন। তাহলে কি অভিজিৎ চলচ্চিত্রে নিয়মিত কাজ করবেন? এর উত্তর ছিল, না। পরীক্ষামূলকভাবে তিনি অভিনয় করছেন। গান তার সবকিছু। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন প্লেব্যাক-শিল্পী হবেন। সে স্বপ্ন রাতারাতি পূরণ হয়েছে ইন্ডিয়ান আইডল হবার পর। তাই তিনি গান নিয়েই ব্যস্ত থাকতে চান। তার প্রথম অ্যালবাম 'জুনুন' আর 'আশিক বানায়া আপনে' ছবির গান বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এরপরে 'কেয়ার অফ ফুটপাথ' আর 'মুম্বাইডটকম' চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করবেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২১৩৭ঘ.