জানুয়ারি ২৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ২৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় গানের দল 'দূরবিন' এর সঙ্গে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চুক্তি সম্পন্ন হয়। এ উপলক্ষে ধানমন্ডির এক রেঁস্তোরায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, "দুরবিন' ব্যান্ডের প্রথম অ্যালবাম শ্রোতাদের কাছে ভালো সাড়া ফেলেছিল। তাই আমরা এবার তাদের দ্বিতীয় অ্যালবামটি প্রকাশে আগ্রহী হয়েছি।"
'দুরবিন' এর প্রধান গায়ক শহীদ জানান, "দুরবিন' এর নতুন অ্যালবামের গানগুলিতে শ্রোতারা বৈচিত্র্য পাবেন বলে আশা করি।"
মোট ১১টি গান নিয়ে সাজানো হয়েছে 'দুরবিন ভ্যারিয়েশন টু পয়েন্ট জিরো' অ্যালবামটি। এতে ৫টি গানে কণ্ঠ দিয়েছেন শহীদ। ৩টি গান গেয়েছেন সাব্বির। দুটি গান গেয়েছেন নয়ন ও একটি গান গেয়েছেন জাহিদ।
ফুয়াদ, ইবরার টিপু, টিংকু আজিজুর রহমান, বাপ্পা মজুমদার ও পংকজের সুর ও সঙ্গীতে অ্যালবামের গানগুলি লিখেছেন শাহান কবন্ধ, শফিক তুহিন, মারজুক রাসেল, সোহেল আরমান ও তানভীর তারেক।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/২১৩৬ঘ.
bdnews24