জানুয়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- অডিও প্রযোজনা প্রতিষ্ঠান 'গানচিল' ছেড়ে চলে যাচ্ছেন ক্লোজআপ ওয়ান ২০০৫ ও ২০০৬ এর বিজয়ী শীর্ষ শিল্পীরা।
ইতিমধ্যেই 'গানচিল' ছেড়েছেন সোনিয়া ও মুহিন।
শোনা যাচ্ছে এর পর 'গানচিল' ছাড়তে যাচ্ছেন নোলক বাবু, রাজীব, বিউটি, নওরীন, রিংকু, রাশেদ, মেহরাব, রন্টি দাশ, পলাশ, পুলক, কিশোর, পুতুল ও বাঁধন।
তবে কেউই এই ব্যাপারে মুখ খুলতে চাননি। তারা জানান অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুড়ান্ত কিছু না হওয়া পর্যন্ত তারা বিস্তারিত কিছু জানাবেন না। অনেকেই ব্যাক্তিগতভাবে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন। দেনাপাওনার বিষয়টা চূড়ান্ত হয়ে গেলেই অনেক ক্লোজআপ ওয়ান শিল্পী 'গানচিল' ছাড়ার ঘোষণা দেবেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পীরা।
ক্লোজআপ ওয়ানের শিল্পীদের সঙ্গে 'গানচিল' যে চুক্তি করেছিল, তা ঠিক মত পালন না করায় হতাশায় 'গানচিল' ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শিল্পীরা।
এই ব্যাপারে 'গানচিল' এর সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কুমার বিশ্বজিৎ বলেন, " কেউ যদি চলে যেতে চায় তবে তাকে ধরে রাখা সম্ভব নয়। 'গানচিল' হচ্ছে ক্লোজআপ ওয়ান শিল্পীদের শিল্পী হওয়ার একটি প্লাটফর্ম মাত্র। এখন শিল্পী না হয়ে অর্থ উপার্জনের বিষয়টাকে যারা প্রাধান্য দিচ্ছে তারা 'গানচিল' ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। শিল্পী হিসেবে ওরা এখনো যথেষ্ঠ পরিপক্ক নয়। একটি মহলের মিথ্যা আশ্বাস ও প্রলোভনে পড়ে তারা এমনটি করতে যাচ্ছে। শেষ পর্যন্ত 'গানচিল' এর সঙ্গে যারা থাকবেন তাদেরকে নিয়েই এগিয়ে যাবে 'গানচিল।"
ফেব্র"য়ারি মাসে ভ্যালেন্টাইন দিবসে 'গানচিল' থেকে প্রকাশিত হবে ক্লোজআপ ওয়ান তারকা রুমির প্রথম একক অ্যালবাম 'তার ছেড়া' ও কিশোরের প্রথম একক অ্যালবাম 'নিখোঁজ সংবাদ'।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/ ২০৩্
bdnews24