জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- কোন স্বজনপ্রীতি ছাড়াই বিখ্যাত হলিউড চলচ্চিত্র অভিনেতা রবার্ট রেডফোর্ডের মেয়ে এমি রেডফোর্ডের ছবি 'দি গিটার' সানড্যান্স চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। পরিচালক হিসেবে এটিই এমির প্রথম ছবি। খবর মার্কিন ওয়েবসাইটের।
অনেকেই বলছেন, রবার্ট রেডফোর্ডের কারণেই মেয়ে এমি রেডফোর্ডের ছবিটি নির্বাচিত হয়েছে। কিন্তু বাবা ও মেয়ে দুজনেই দাবি করেছেন যে নিজের যোগ্যতাতেই উৎসবে ছবিটি নির্বাচিত হয়েছে।
৩৭ বছর বয়স্ক এমি রেডফোর্ড রয়টার্সকে দেয়া এক সাাৎকারে বলেন, "অনেকেই এরকম প্রশ্ন তুলতে পারেন, তবে এটা ভেবে আমার ভালো লাগছে যে, বাবার কোন সাহায্য ছাড়াই আমার ছবিটি এই উৎসবে জায়গা করে নিয়েছে। আমার আরেকটি ছবিও এই উৎসবে জমা দেয়া হয়েছিল। সেটা নির্বাচিত হয়নি।"
রবার্ট রেডফোর্ড বলেন, "খুশি মনেই বলতে পারি, আমার মেয়ের নিজের চেষ্টাতেই এত দূর এসেছে।"
দি সানড্যান্স চলচ্চিত্র উৎসবটির নামকরণ করেছিলেন রবার্ট রেডফোর্ড। তিনি এই উৎসবের প্রতিষ্ঠাতা সভাপতিও বটে। তার বহুল আলোচিত ছবি 'বুচ ক্যাসেডি এন্ড সানড্যান্স কিড' ছবির নাম অনুসরণে রবার্ট এই উৎসবের নাম রাখেন দি সানড্যান্স ফিল্ম ফেস্টিভেল।
রবার্ট রেডফোর্ড এই উৎসবের আয়োজকদের একজন হওয়ায় তার মেয়ে এমি রেডফোর্ডের ছবি নির্বাচিত হওয়ার বিষয়টিকে অনেকেই স্বজনপ্রীতি হিসেবে দেখছেন।
প্রতি বছর জানুয়ারি মাসে আমেরিকার উটাহ্ অঙ্গরাজ্যের পার্ক সিটির স্কাই রিসর্টে এই উৎসবের আয়োজন করা হয়। স্বাধীনভাবে যারা চলচ্চিত্র নির্মাণ করেন তাদের পরিচিতি পাইয়ে দেয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য।
এ বছর ৩ হাজার ৬শরও বেশি ছবি জমা পড়েছে উৎসবে। আর ২৫টি দেশের ১২০টি ছবি নির্বাচিত হয়েছে। এর মধ্যে এমি রবার্টের 'দি গিটার' ছবিটিও আছে।
তবে ছবি নির্বাচনের বিচারকমন্ডলীদের দলে রবার্ট রেডফোর্ড ছিলেন না। তাই এখানে স্বজনপ্রীতির কথা তুলে দোষারোপ করলে সেট ধোপে টিকবে না।
পরিচালক হিসেবে এমির প্রথম ছবিটি প্রদর্শিত হয় শুক্রবার।
অনুভুতি জানাতে গিয়ে এমি রেডফোর্ড বলেন, "অন্যান্য পরিচালকদের মত প্রথম ছবি হিসেবে আমিও খুব নার্ভাস ছিলাম। মনে হচ্ছিল আমার পেটে কেউ যেন মাকড়সা ছেড়ে দিয়েছে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২০৩০ ঘ
bdnews24