২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে নিয়ে ছবি করছেন অলিভার স্টোন

মার্কিন চলচ্চিত্রকার অলিভার স্টোন তার দেশের বর্তমান প্রেসিডেন্ট জর্জ বুশকে নিয়ে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন। এর আগে এই খ্যাতিমান পরিচালক সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও রিচার্ড নিক্সনকে নিয়েও ছবি নির্মাণ করেছেন। রোববার ডেইলি ভ্যারাইটি পত্রিকা জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 04:43 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

লস এঞ্জেলস, জানুয়ারি ২১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- মার্কিন চলচ্চিত্রকার অলিভার স্টোন তার দেশের বর্তমান প্রেসিডেন্ট জর্জ বুশকে নিয়ে চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন। এর আগে এই খ্যাতিমান পরিচালক সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও রিচার্ড নিক্সনকে নিয়েও ছবি নির্মাণ করেছেন। রোববার ডেইলি ভ্যারাইটি পত্রিকা জানিয়েছে এ খবর। ছবিতে বুশের চরিত্রে অভিনয় করতে পারেন জশ ব্রোলিন। 'নো কান্ট্রি ফর ওল্ড মেন' এর এই তারকার সঙ্গে এ ব্যাপারে কথা বলছেন স্টোন। ছবির জন্য অর্থলগ্নিকারকের সন্ধানেও আছেন স্টোন। অস্কার বিজয়ী পরিচালক আশা করছেন এপ্রিল নাগাদ ছবির কাজ শুরু করতে পারবেন এবং নভেম্বরের নির্বাচনের আগে অথবা বুশের পর যিনি প্রেসিডেন্ট হবে তার অভিষেকের সময় ছবিটি মুক্তি দেওয়া যাবে। ডেইলি ভ্যারাইটি পত্রিকাকে স্টোন বলেন, "আমি বুশের নিরপেক্ষ সঠিক একটি ছবি তুলে ধরতে চাই।" ছবিতে বুশের বাবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তার সম্পর্ক ছাড়াও বুশের যৌবন, খৃস্টধর্ম সম্পর্কে তার বক্তব্য ইত্যাদি বিষয় তুলে ধরা হবে। স্টোন বলেন, "ছবিতে বুশের সমর্থক ও তার সম্পর্কে কুৎসা রটনাকারী সকলের জন্যই থাকবে অনেক বিষ্ময়কর উন্মোচন।" ব্রোলিন দেখতে বুশের চেয়ে অনেক সুন্দর- এ কথা স্বীকার করে স্টোন বলেন, "তবে বুশের মধ্যে যে তাড়না ও যে ক্যারিশমা আছে তার সঙ্গে ব্রোলিনের চারিত্রগত সাযুজ্য আছে। আগেরকার দিনের চলচ্চিত্র- তারকাদের মতো বুশের মধ্যেও যে একটা হামবড়া ভাব আছে সেটাও ব্রোলিন ভালো ফুটিয়ে তুলতে পারবে।" এর আগে বুশ তার এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে তরুন বয়সে তিনি প্রচুর মদ পান করতেন, তবে কখনোই মাতলামি করেননি, নিজেকে নিয়ন্ত্রণে রেখেছেন। মদ ও মাদকদ্রব্যের সঙ্গে লড়তে হয়েছে অলিভার স্টোনকেও। ১৯৯১ সালে 'জেএফকে' ছবির জন্য মোট তিনটি অস্কার মনোনয়ন পেয়েছিলেন অলিভার স্টোন। ১৯৯৬ সালে 'নিক্সন' ছবির জন্যও মনোনয়ন পান। 'প্লাটুন' ও 'বর্ন অন দি ফোর্থ অফ জুলাই' ছবির জন্য সেরা পরিচালকের ক্যাটাগরিতে অস্কার লাভ করেন তিনি। এ ছাড়াও তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে আছে রক তারকা জিম মরিসনকে নিয়ে তৈরি 'দি ডোরস' ও আলেক্সান্ডার দি গ্রেটকে নিয়ে তৈরি 'আলেক্সজান্ডার'। ২০০২ সালে এইচবিও চ্যানেলের জন্য কিউবার নেতা ফিদেল ক্যাস্ট্রোকে নিয়ে তিনি একটি প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেন। কিন্তু পরে কেবল নেটওয়ার্কটি ওই ছবিতে কিউবার রাজনৈতিক বন্দীদের সম্পর্কে আরও ফুটেজ যোগ করার শর্ত আরোপ করে। বুশের আরেক শত্র" ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ এর উপরও একটি প্রামাণ্য চলচ্চিত্র তৈরির আকাঙ্খা ব্যক্ত করেছিলেন স্টোন। কিন্তু তাকে 'ইবলিশের অংশ' বলে উল্লেখ করে ইরান সরকার তার ইরানে প্রবেশের আবেদন নাকচ করে দেয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১০৩৭ ঘ