জানুয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভারতীয় সঙ্গীতজ্ঞ এ আর রহমানের প্রতিভা জাতীয় প্রাঙ্গণ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পরতে শুরু করেছে বেশ কিছু দিন ধরে। এদিকে অ্যালবামের কপিরাইট এবং রয়্যালিটি ( ক্যাসেটের জন্য সংগীত প্রকাশনা সংস্থা থেকে দেয়া অর্থ) নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে মতবিরোধ হওয়া জন্যও এই অসাধারণ শিল্পী ধীরে ধীরে সরে যাচ্ছেন বলিউড থেকে। বলিউডের অনেক প্রতিষ্ঠানের ব্যাপারে তার ক্ষোভের কথা জানিয়েছেন তিনি গণমাধ্যমকে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ আর রহমান বলেন, "অপেশাদারি আচরণের কারণে আমি বলিউডের অনেক প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছি। যারা আমার সঙ্গে কাজ করতে আগ্রহী কিন্তু আমার শর্ত মানতে রাজি না, তারা আজকাল অন্য সুরকারদের কাছে যাচ্ছেন।"
নিজের বর্তমান কর্মব্যস্ততা সম্পর্কে বলতে গিয়ে শিল্পী বলেন, "এই মুহূর্তে আমি বলিউডের অন্যান্য চুক্তিগুলোও বাতিল করছি। কারন আমি পশ্চিমা ক্লাসিক সঙ্গীতের সঙ্গে ভারতীয় সঙ্গীতে মিশ্রণ ঘটাতে চাই। এতে আমার মনে হয় ভারতীয় র্যাগের সাথে পশ্চিমা ক্লাসিকাল সঙ্গীতের একটা সেতু তৈরি হবে। ভাবুন তো অর্কেস্ট্রার মাধ্যমে ঠুমরি বাজছে। অথবা কর্ণাটক র্যাগে হলিউডের বিভিন্ন ছবিতে ব্যবহার হচ্ছে।"
এই সংগীতপ্রিয় স্বপ্নবিলাসী মানুষ সঙ্গীতটাকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যেতে চান।
তার কথায়, "আমি তো সারা জীবন ছবি ছবি করে কাটিয়ে দিতে পারি না। তবে যতবারই আমি বলিউডের ছবিতে কাজ করেছি ততবারই মন দিয়ে কাজ করেছি। যেরকম করেছি আশুতোষ গোয়ারিকার পরিচালিত 'যোধা-আকবর' ছবিতে।"
এ আর রহমানের আন্তর্জাতিক কাজগুলোও খুব জনপ্রিয় হয়েছে। তিনি বলেন, "শেখর কাপুরের 'এলিজাবেথ-দি গোল্ডেন এজ' ছবিতে কাজ করতে আমার খুবই ভালো লেগেছে। মঞ্চের জন্য তৈরি লর্ড অব দ্য রিংস এর সঙ্গীত এখন তৈরি হয়ে গেছে। অ্যালবামটি ফেব্র"য়ারি মাসেই মুক্তি পাবে।"
রহমান তার এই কাজকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি বড় ঘটনা হিসেবে দেখছেন।
তিনি বলেন, "প্রতিটি গানে কমপক্ষে ২০০ জন সুরকার ও যন্ত্রকুশলী কাজ করেছেন। অনেক কয়ার (গির্জার ধর্মসঙ্গীতে নেতৃত্ব দানকারী গায়কবৃন্দ) এবং যন্ত্রসংগীত বাদকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। এটি লন্ডনে ধারণ করা হয়। আর সঙ্গীত মিশ্রণ করি চেন্নাইতে নিজের স্টুডিওতে। এই কাজের জন্য সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাদ্যযন্ত্রীরা অংশ নিয়েছে।"
এই মঞ্চ প্রযোজনার সমস্ত গান ইংরেজীতে এবং এলভিস (লর্ড অব দ্য রিংসের ভাষা) ভাষায় করা। রহমান জানান, এই কাজের জন্য ক্রিস্টোফার নাইটিঙ্গেলের মত অনেক নামিদামি সুরকারের সাহায্য পেয়েছেন। অ্যালবামটি শেষ করতে তার তিন বছর সময় লেগেছে।
তবে রহমান অবশ্য তার কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। তার মতে "এখনও অনেক কাজ বাকি আছে। সঙ্গীতই আমার একমাত্র গবেষার বিষয়। পৃথিবীতে অনেক খারাপ কাজ হয়। আমি সঙ্গীত দিয়ে সেই সব খারাপ কাজগুলো দূর করতে চাই। যেমন আমার শান্তির গান 'বান্দে মাতারাম' ও 'প্রে ফর মি'।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/২০৫৮ঘ.
bdnews24