জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- সদ্য প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের কথা ও সুরে অ্যালবাম করছেন ফামিদা নবী।
রোমান্টিক ও জীবনের নানান বিষয়কে উপজীব্য করে লেখা ১০টি গানের সুর আগেই সম্পন্ন করে গেছেন সেলিম আল দীন।
সেলিম আল দীনের ইচ্ছা ছিল গানগুলো তার প্রিয় কণ্ঠ শিল্পী ফাহমিদা নবীকে দিয়ে রেকর্ড বন্দী করবেন। মৃত্যুর আগে এই বিষয়ে ফাহমিদা নবীর সঙ্গে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে গেলেও গানগুলোতে কণ্ঠ দেয়া বাকি ছিল।
বিজ্ঞাপনী সংস্থা মাত্রার তত্ত্ববধানে শিগগিরই অ্যালবামটির বাকি কাজ শুরু হবে।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, "সেলিম স্যার (সেলিম আল দীন) মাঝে মধ্যেই টেলিফোনে গানগুলো আমাকে শোনাতেন। সর্বশেষ ৮ জানুয়ারি একটি গানের রেকর্ডিং দিয়ে অ্যালবামটির কণ্ঠ প্রদান পর্ব উদ্বোধন করার কথা ছিল। সেভাবেই আমি এবং সেলিম স্যার প্রস্তুতি নিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্য যে, সেদিন দুপুরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।"
এর আগে ঢাকা থিয়েটারের কয়েকটি মঞ্চ নাটকের জন্য সেলিম আল দীন গান লিখেছিলেন। তার গান নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবাম হচ্ছে এই প্রথম।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৪৮ঘ.
bdnews24