জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ব্রিটিশ পপ তারকা জর্জ মাইকেল আত্মজীবনী লিখতে যাচ্ছেন। ২০০৯ সালের হেমন্তে প্রকাশিতব্য গ্রন্থে তার জীবন সম্পর্কে কোন রাখঢাক থাকবে না তিনি। মাইকেলের সঙ্গে এ ব্যাপারে চুক্তি সম্পাদনের পর প্রকাশক হার্পারকলিন্স একে "যুক্তরাজ্যের প্রকাশনা জগতের অন্যতম সেরা প্রকাশনা চুক্তি" বলে উল্লেখ করে।
চুক্তিতে হার্পার ননফিকশন ইউকে'র প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালক বেলিন্দা বাজ এবং জর্জ মাইকেলের ম্যানেজার অ্যান্ডি স্টিফেনস ও তার বুক এজেন্সি অংশ নেন।
হার্পারকলিন্স মন্তব্য করে, "এটা হবে সবচেয়ে কৌতুহলউদ্দীপক তারকা স্মৃতিকথাগুলোর একটি।"
মাইকেলের মুখপাত্র চুক্তির অর্থমূল্য প্রকাশ করতে নারাজ। এ ব্যাপারে হার্পারকলিন্সের পক্ষ থেকেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
তবে স্টিফেনস বলেন, " জর্জ হার্পারকলিন্সের কাছে ওয়াদা করেছেন তার আত্মজীবনীতে তিনি কোন কিছু লুকোবেন না। এবং আমরাও আশা করছি সেটাই হবে।"
তিনি আরও বলেন, "মানুষ এখন অনেক চালাক। তারা খেয়াল করতে শুরু করেছে যে পত্রিকায় যা ছাপা হয় আসল খবর তার চেয়েও অনেক আকর্ষণীয় হয়।"
মাইকেলের বয়স ৪৪। তাকে নিয়ে নিয়মিতই পত্রিকায় গরম খবর ছাপা হচ্ছে। নেশাসক্ত অবস্থায় গাড়ি চালানোর দায়ে গত জুনে দু বছরের জন্য গাড়ি চালনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তার উপর। একই সঙ্গে ১০০ ঘন্টা সমাজসেবারও (কমিউনিটি সার্ভিস) নির্দেশ দেওয়া হয় তাকে।
এ যাবৎ জর্জ মাইকেলের প্রায় ৮ কোটি রেকর্ড বিক্রি হয়েছে। এর মধ্যে আছে 'কেয়ারলেস হুইসপার' ও 'ফেইথ' সহ অনেক হিট অ্যালবাম।
২০০৬ সালে এক টেলিভিশন সাক্ষাৎকার দেওয়ার সময় গঞ্জিকা সেবন করে তিনি বলেন, "এই জিনিসটা আমাকে সুস্থ আর সুখী রাখে।"
১৯৯৮ সালে এক গণ শৌচাগারে অশালীন অবস্থায় গ্রেফতার হওয়ার পর তিনি স্বীকার করেন যে তিনি সমকামী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১৩৩ ঘ
bdnews24