জানুয়ারি ১৭ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড অভিনেত্রী বাঙালি ললনা রিয়া সেনের সঙ্গে সারারাত গল্প করে কাটালেন সালমান রুশদি। ঘটনা মুম্বাইয়ের। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বিতর্কিত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি মুম্বাইয়ে ছুটি কাটাচ্ছেন। তিনি উঠেছেন জুহুর এক বাংলোয়। এর মালিক পরমেশ্বর গোদরেজ তার ঘনিষ্ট বন্ধু। ঘটনাচক্রে বড় বোন রাইমার সঙ্গে সুচিত্রা সেনের নাতনী রিয়া সেন ওই এলাকায় থাকেন। সেখানেই ১০ জানুয়ারি রাতে সালমান রুশদির সঙ্গে মুনমুন তনয়া রিয়ার পরিচয় হয়েছে।
জানা গেছে দুজনই বন্ধুবান্ধবসহ মধ্যরাতে 'অরাস' এ সময় কাটাচ্ছিলেন। এক সময় ব্যাকলেস পোশাকের রিয়া রুশদির দৃষ্টি আকর্ষণ করেন। পরিচয় শেষে দুজনের আলাপ জমে উঠতে থাকে। এক সময় দু পক্ষের সবাই চলে গেলেও ভোর হওয়া পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন বলে জানা গেছে।
সালমান রুশদির গুণমুগ্ধ রিয়া সেন ২৪ জানুয়ারি আবারও দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে চলে যান। ২৪ জানুয়ারি রিয়ার জন্মদিন।
এ নিয়ে রিয়া মুখ না খুললেও তার এক ঘনিষ্ট বন্ধু জানিয়েছে, " জুহুর যে বিলাসবহুল রেস্তোঁরায় তাদের প্রথম দেখা হয়েছিল সেখানে এ বছর রিয়া তার জন্মদিন পালন করবেন। পরিবারের সদস্য, ঘনিষ্ট বন্ধু ছাড়াও করিম মোরানি, সোহেল খান, আফতাব শিবদাসানি, আশিষ চৌধুরী আর তার স্ত্রী সমিতা বানগারগি আমন্ত্রিত হয়েছেন।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১১৩১ ঘ
bdnews24