জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বাংলাদেশের শ্রোতাদের মাতাতে এখন ঢাকায় অবস্থান করছেন ইন্ডিয়ান আইডল প্রশান্ত তামাং ও অমিত পৌল। ১৬ জানুয়ারি বুধবার সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় এসে পৌঁছান তারা। অন্তর শো বিজের আয়োজনে কোমল পানীয় পেপসির সৌজন্যে ঢাকায় দু'টি কনসার্টে গান গাইবেন এই দুই ইন্ডিয়ান আইডল।
আগামীকাল ১৭ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার রেজেন্সি হোটেলে প্রথম শো'টি অনুষ্ঠিত হবে। কনসার্টে ইন্ডিয়ান আইডলদের সঙ্গে বাংলাদেশের গায়ক হাসান, শুভ এবং ব্যান্ডদল নিলয় অংশ নেবেন।
এই কনসার্টের টিকিটের মূল্য ৩ হাজার টাকা।
১৮ জানুয়ারি দ্বিতীয় কনসার্টটি অনুষ্ঠিত হবে ফ্যান্টাসি কিংডম-এ। এখানে ইন্ডিয়ান আইডলদের সাথে একই মঞ্চে গান গাইবেন বালাম, বিপ্লব, তিশমা, মিলা, নিলয়, শুভ এবং দেশী এমসিএস। টিকিটের মূল্য সাধারণ ৫০০ টাকা এবং ভিআইপি ২০০০ টাকা।
কনসার্ট শেষে আগামী ১৯ জানুয়ারি ইন্ডিয়ান আইডল প্রশান্ত তামাং ও অমিত পাল নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
কনসার্ট প্রসঙ্গে অন্তর শো'বিজের ব্যবস্থাপনা পরিচালক স্বপন চৌধুরী বলেন, "ইন্ডিয়ান আইডলের আগের তারকারা আমাদের শ্রোতাদের মুগ্ধ করেছিলেন। এরই ধারাবহিকতায় আবারো বাংলাদেশী শ্রোতাদের মুগ্ধ করতে নতুন ইন্ডিয়ান আইডলদ্বয় ঢাকায় এসেছেন।"
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ সিডর আক্রান্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করা হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/
bdnews24