জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হিন্দি, ইংরেজির পর বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন এবার ফরাসি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। বিখ্যাত ফরাসি কমিক সিরিজের একটি পর্ব অবলম্বনে নির্মিত 'অ্যাস্টেরিক্স অ্যাট দি অলিম্পিকস' এ সাবেক মিস ওয়ার্ল্ডকে দেখা যাবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ফ্রান্সের কিংবদন্তীতুল্য অভিনেতা জেরার্ড দেপারদ্যু এ ছবিতে অভিনয় করেছেন। মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ফরাসি চলচ্চিত্র উৎসবে ছবির প্রথম প্রদর্শনী হবে।
ছবির জন্য এ পর্যন্ত খরচ হয়েছে মোট ৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে 'অ্যাস্টেরিক্স অ্যাট দি অলিম্পিকস' ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল ছবি। মরক্কো আর তিউনিসিয়ার মনোরম সব জায়গায় শুটিং করা হয়েছে এ ছবির। তবে মনোরম দৃশ্যের চেয়েও এ ছবিতে আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের উপস্থিতি দর্শককে আকৃষ্ট করবে বেশি।
ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন মাইকেল শুমাখার, ফুটবল তারকা জিনেদিন জিদান যেমন আছেন। তেমনি আছেন হলিউডের অ্যাকশন হিরো জঁ ক্লদ ভ্যান ডেম।
ছবিতে অ্যাশের ভূমিকা কী তা এখনো গোপন রাখা হয়েছে। 'অ্যাস্টারিক্স অ্যাট দি অলিম্পিক্স'এ নারী চরিত্র গুরুত্ব পায়নি। ধারণা করা হচ্ছে এ ছবিতে অ্যাশ বিশেষ কোন চরিত্রে আবির্ভূত হবেন।
দি অ্যাডভেঞ্চার অফ অ্যাস্টেরিক্স ফরাসি কমিক সিরিজ যার স্রষ্টা রেনে গসিনি ও অ্যালবার্ট উদেরজো। গলদের সঙ্গে রোমানদের বিবাদকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই সিরিজের কাহিনী।
মূল ৩৩টি বই শতাধিক ভাষায় অনূদিত হয়েছে। অ্যাস্টেরিক্স অ্যাট দি অলিম্পিক গেম সিরিজের দ্বাদশ খন্ড। ১৯৬৮ সালে প্রকাশিত এই খন্ডটি ১৯৭২ সালে ইংরেজিতে অনূদিত হয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১২৩২ ঘ
bdnews24