জানুয়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ডা. মোহিত কামালের মনোবৈজ্ঞানিক উপন্যাস 'মন' অবলম্বনে নির্মিত হচ্ছে একই নামের ২৬ পর্বের একটি ধারাবাহিক নাটক। উপন্যাসাটির নাট্যরুপ দিয়েছেন হাসিনা আহমেদ সোমা। নাটকটি যৌথভাবে পরিচালনা করবেন টুকু মজনিউল ও সারওয়ার বাপী।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, তাজিন আহমেদ, দিহান, ড. ইনামুল হক, ইমরান, সায়েম সিন্ধা মোমিন, সাকিব ও বিপা।
খুব শিগগিরই নাটকটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালকদ্বয়।
উপন্যাস সম্পর্কে ডা. মোহিত কামাল বলেন, "আমাদের চাওয়া পাওয়ার সঙ্গে সমন্বয় করতে গিয়ে ক্রমশ: আমরা ধাবিত হই বিত্ত বৈভবের দিকে। ফলে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ি আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে। মন উপন্যাস তেমনি এক দম্পতির জীবনচিত্র।"
উপন্যাস অবলম্বনে নাটক করা প্রসঙ্গে তিনি বলেন, "আমার উপন্যাস নিয়ে যে নাটক নির্মাণ হবে সেটা কখনো কল্পনাই করি নি। আমি আশা করছি নাটকের গল্প দর্শকদের নতুন স্বাদ দিতে পারবে।"
মন নাটকের দুই পরিচালকের একজন সারওয়ার বাপী বলেন, "মন জনপ্রিয় একটি মনোবৈজ্ঞানিক উপন্যাস। উপন্যাসের কাহিনীটি বর্তমান সময়ের প্রতিচ্ছবি। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএল/এমআইআর/০৯৩২ ঘ
bdnews24