জানুয়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্র পরিচালক সায়মন তারিকের ছবি 'এ চোখে শুধু তুমি' মুক্তি পাচ্ছে ২২ ফেব্র"য়ারি। ফেরদৌস, শাবনূর ও শাহনূর অভিনীত এই ছবিটি রোমান্টিক ধাঁচের।
ছবিটি প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, "এটি সুন্দর একটি ছবি। মিষ্টি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটি সবার ভালো লাগবে বলে আশা করি।"
পরিচালক সায়মন তারিক বলেন, "এখন আমাদের চলচ্চিত্রে ভালো ছবির সুবাতাস বইছে। আর রোমান্টিক ছবির জুটি হিসেবে শাবনূর-ফেরদৌসের বেশ গ্রহণযোগ্যতা আছে। তাছাড়া অনেকদিন পর এই ছবির মাধ্যমে শাহনূর রূপালি পর্দায় পা রাখলেন।"
এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন পঙ্কজ। এটি তার সঙ্গীত পরিচালনায় তৃতীয় ছবি। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আসিফ, পলাশ, আলম আরা মিনু, মনির খান, বেবী নাজনীন, দিনাত জাহান মুন্নী ও প্রতীক হাসান।
'এ চোখে শুধু তুমি' সায়মন তারিকের প্রথম মুক্তি পেতে যাওয়া ছবি হলেও, তার প্রথম পরিচালিত ছবি 'কাফেলা'। ছবিটি এখনও সেন্সর বোর্ডে জমা রয়েছে।
'এ চোখে শুধু তুমি' ছবিতে আরও অভিনয় করছেন নবাগত রাজ, সুরভী, জ্যাকি, খালেদা আক্তার কল্পনা, ইলিয়াস কোবরা সহ অনেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএ/ওএস/এমআইআর/১৯৪৩ঘ.
bdnews24