জানুয়ারি ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস এবার ৫টি ভাষায় অনুদিত হচ্ছে।
১৯৯০ সালের মে মাসে কাকলী প্রকাশনী থেকে প্রকাশিত আলোচিত উপন্যাস 'গৌরিপুর জংশন' - ইংরেজী, জার্মান, হিন্দি, ফরাসী ও ফার্সি ভাষায় অনুবাদ করা হচ্ছে।
বাংলাদেশের অন্যতম প্রকাশনা সংস্থা 'অন্যপ্রকাশ' এর তত্ত্বাবধানে ইতিমধ্যে বইটির অনুবাদের কাজ শেষ হয়েছে বলে জানালেন এই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মাজহারুল ইসলাম।
এর আগে হুমায়ূন আহমেদের '১৯৭১' 'চাঁদের আলোয় কয়েকজন যুবক', 'সবাই গেছে বনে' সহ বেশ কয়েকটি উপন্যাস ইংরেজী ভাষায় অনুদিত হয়েছে। তবে একসঙ্গে ৫টি ভাষায় অনুবাদ এবারই প্রথম।
অনুবাদ করেছেন -- শফিক উল করিম (ইংরেজী), ফ্রাউ বারবারা দাশগুপ্তা ও শশ বিন্দু চৌধুরী (জার্মান), সুশীল গুপ্তা (হিন্দি), অধ্যাপক আব্দুস সবুর খান (ফার্সি)।
এবারের বইমেলায় এই অনুবাদ করা গ্রন্থগুলো প্রকাশিত হবে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একযোগে বইগুলি বাজারজাত করা হবে বলে জানান মাজহারুল ইসলাম।
এ প্রসঙ্গে মাজহার বলেন, "দেশের বাইরে বই বিক্রির ক্ষেত্রে অন্যপ্রকাশের তত্ত্বাবধানে বিভিন্ন দেশে স্থানীয় পরিবেশক নিয়োগ করা হবে।"
তিনি বলেন, "বাংলা সাহিত্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার প্রয়াসেই আমাদের এই পদক্ষেপ। সমকালীন বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক নিঃসন্দেহে হুমায়ূন আহমেদ। এ কারণেই হুমায়ূন আহমেদকে দিয়ে আমরা আমাদের বিশ্ব প্রকাশনা শুরু করেছি।"
তিনি আরও জানান পর্যায়ক্রমে অন্যান্য কথাশিল্পীর বইও আমাদের বিশ্ব প্রকাশনা প্রকল্পে অর্ন্তভুক্ত হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯২৫ঘ.
bdnews24