জানুয়ারি ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কলকাতার খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনীত হওয়ার কারণে 'মাই নেম ইজ অ্যান্থনি গঞ্জালেস' ছবি বিহার ও ঝাড়খন্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এর আগে মিঠুনের 'কুলি' ছবিটি তার অনুমতি ছাড়া হিন্দি থেকে ভোজপুরি ভাষায় রূপান্তর করেন বিহারের এমএলএ সুনীল কুমার। মিঠুন এতে আপত্তি জানান। আর তখন থেকেই মিঠুনের সঙ্গে সুনীল কুমারের বিবাদ শুরু। এরই জের ধরে বিহার ও ঝাড়খন্ডে নিষিদ্ধ করা হয় মিঠুন অভিনীত ছবি।
এ প্রসঙ্গে মিঠুন বলেন, "এ নিয়ে আমি কিছু বলতে চাই না। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া সহ ২২টি অঙ্গ সংগঠন এই বিষয়টি দেখছেন। তারাই এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।"
ছবির প্রযোজক ও পরিচালক ই নিবাস বলেন, "আমার ছবিতে মিঠুনদা ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন। শুধু এই কারণে পুরো ছবিটি ক্ষতিগ্রস্থ হচ্ছে, এটা দুঃখজনক। দুটি অঞ্চলে আমাদের ছবি প্রদর্শন বন্ধ রয়েছে এই নিষেধাজ্ঞার কারণে।"
'মাই নেম ইজ অ্যান্থনি গঞ্জালেস' ছবিতে আরও অভিনয় করেছেন অমৃতা রাও এবং নবাগত অভিনেতা নিখিল দ্বিবেদী।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯২০ঘ.
bdnews24